শনিবার ● ১১ জুলাই ২০২৬
নেছারাবাদে স্বেচ্ছাশ্রমে কাঁচা রাস্তা সংস্কার শুরু
হোম » পিরোজপুর » নেছারাবাদে স্বেচ্ছাশ্রমে কাঁচা রাস্তা সংস্কার শুরু![]()
সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আটঘর-কুড়িয়ানা ইউনিয়নের দীর্ঘদিনের অবহেলিত একটি কাঁচা রাস্তা সংস্কারে এগিয়ে এসেছেন স্থানীয় বাসিন্দারা। সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে নিজেদের অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমে মাহমুদকাঠী-ধলহার সড়কের প্রথম ধাপে প্রায় এক কিলোমিটার রাস্তা সংস্কারের কাজ শুরু করেছেন তারা।
শনিবার (১১ জুলাই) সকালে স্থানীয়দের উদ্যোগে সংস্কার কাজের উদ্বোধন করা হয়। এরপর বিভিন্ন বয়সী মানুষ স্বেচ্ছাশ্রমে অংশ নিয়ে রাস্তার দুই পাশ উঁচু করা, মাটি কাটা এবং মাঝখানে বালু ভরাটের কাজ শুরু করেন।
সরেজমিনে দেখা যায়, দীর্ঘদিন সংস্কারের অভাবে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে কাদা-পানিতে রাস্তা ডুবে যাওয়ায় সাধারণ মানুষ, শিক্ষার্থী, কৃষক ও ব্যবসায়ীদের চরম দুর্ভোগ পোহাতে হতো। এ অবস্থায় এলাকার মানুষের দুর্ভোগ লাঘবে স্থানীয়রাই উদ্যোগ নেন।
স্থানীয়দের ভাষ্য, প্রাথমিকভাবে এক কিলোমিটার রাস্তা চলাচলের উপযোগী করতে প্রায় ১ থেকে ২ লাখ টাকা ব্যয় হবে। এই অর্থ স্থানীয়দের ব্যক্তিগত অনুদান ও সহযোগিতার মাধ্যমে সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি শ্রম ব্যয় কমাতে এলাকার মানুষ স্বেচ্ছায় শ্রম দিচ্ছেন।
স্থানীয় শিক্ষানবিশ অ্যাডভোকেট তানভীর হাওলাদার বলেন, আটঘর-কুড়িয়ানা ইউনিয়ন পেয়ারা বাগানের জন্য পর্যটকদের কাছে পরিচিত। পেয়ারার মৌসুমে দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা এই সড়ক ব্যবহার করেন। কিন্তু রাস্তার বেহাল অবস্থার কারণে পর্যটকসহ স্থানীয় সবাইকে ভোগান্তিতে পড়তে হয়। তাই এলাকার মানুষ নিজেদের উদ্যোগেই রাস্তা সংস্কারের কাজে নেমেছেন।
সংস্কার উদ্যোগের অন্যতম উদ্যোক্তা ডা. মিজানুর রহমান বলেন, এই রাস্তাটি দিয়ে অন্তত ১০টি গ্রামের হাজার হাজার মানুষ প্রতিদিন চলাচল করেন। এলাকার স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এটিই প্রধান যোগাযোগের পথ। অথচ গত প্রায় ২০ বছরেও রাস্তাটির কোনো সংস্কার হয়নি। বর্ষাকালে হাঁটুসমান কাদার কারণে চলাচল অত্যন্ত কষ্টকর হয়ে পড়ে।
স্বেচ্ছাশ্রমে অংশ নেওয়া স্থানীয়রা জানান, প্রায় চার কিলোমিটার দীর্ঘ কাঁচা সড়কের প্রথম ধাপে এক কিলোমিটার সংস্কার শুরু হয়েছে। পর্যায়ক্রমে বাকি অংশও সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে তারা সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের কাছে দ্রুত পুরো সড়কটি স্থায়ীভাবে পাকাকরণের দাবি জানান, যাতে বছরের সব সময় নিরাপদ ও নির্বিঘ্নে চলাচল নিশ্চিত হয়।
আরএ/এমআর
বাংলাদেশ সময়: ১৭:৪২:২৬ ● ১৯ বার পঠিত
