
সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)
পটুয়াখালীর গলাচিপায় বজ্রপাতে নিহত চারটি গরুর দুই মালিককে আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল ৪টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সহায়তার চেক হস্তান্তর করা হয়।
গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক ক্ষতিগ্রস্ত দুই গরুর মালিকের হাতে মোট ৪০ হাজার টাকার চেক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো. ফারুকুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
সহায়তাপ্রাপ্তদের মধ্যে তিনটি গরুর মালিক মো. নিজাম প্যাদা ৩০ হাজার টাকা এবং একটি গরুর মালিক মো. রাহুল মৃধা ১০ হাজার টাকার চেক গ্রহণ করেন।
উল্লেখ্য, গত ৭ জুন উপজেলার গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী গ্রামে মাঠে ঘাস খাওয়ার জন্য বাঁধা অবস্থায় থাকা চারটি গরু বজ্রপাতে মারা যায়। এতে দুই খামারি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন।
সহায়তা পাওয়ার পর মো. নিজাম প্যাদা ও মো. রাহুল মৃধা জানান, গরুগুলোর বাজারমূল্য আরও বেশি ছিল। ফলে পুরো ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব নয়। তবে দ্রুত সময়ের মধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা পাওয়ায় তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ইউএনও আবুজর মো. ইজাজুল হক বলেন, বজ্রপাতে নিহত গরুগুলোর প্রকৃত আর্থিক ক্ষতির পুরোটা পূরণ করা সম্ভব নয়। তারপরও ক্ষতিগ্রস্ত দুই মালিককে মোট ৪০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়েছে, যাতে তারা কিছুটা হলেও ক্ষতি কাটিয়ে উঠতে পারেন।
জেইউ/এমআর