রবিবার ● ৫ জুলাই ২০২৬
জুনে বরগুনায় ৩২ মরদেহ উদ্ধার, উদ্বেগে বাসিন্দারা
হোম » লিড নিউজ » জুনে বরগুনায় ৩২ মরদেহ উদ্ধার, উদ্বেগে বাসিন্দারা

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
বরগুনা জেলার বিভিন্ন এলাকা থেকে গত জুন মাসে নারী, পুরুষ ও শিশুসহ ৩২ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া মরদেহগুলোর মধ্যে হত্যা, আত্মহত্যা ও দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা রয়েছে। এক মাসে এত সংখ্যক মরদেহ উদ্ধারের ঘটনায় জেলার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।
পুলিশ জানিয়েছে, ৩২টি মরদেহ উদ্ধারের ঘটনায় চারটি হত্যা মামলা হয়েছে। এর মধ্যে শামীম বেপারী হত্যা মামলায় সন্দেহভাজন তিনজন এবং মিজানুর রহমান হত্যা মামলার দুই আসামিসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
জুন মাসজুড়ে জেলার বিভিন্ন স্থানে আলোচিত কয়েকটি মৃত্যুর ঘটনা ঘটে। গত ৩ জুন বরগুনা জেলা পরিষদের ডাকবাংলো থেকে বরগুনা শহরের কালিবাড়ী এলাকার ইতি রানী ও তার দুই মেয়ে আরাধা এবং অনুরাধার মরদেহ উদ্ধার করা হয়।
এর পাঁচ দিন পর ৮ জুন গৌরীচন্না খাল থেকে গরু ব্যবসায়ী শামীম বেপারীর মস্তকবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ।
১২ জুন বদরখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গোলাম মোস্তফাকে কুপিয়ে জখম করার ঘটনায় অভিযুক্ত কালু বাহিনীর প্রধান বস্তি কালুর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।
পরদিন ১৩ জুন পাথরঘাটা উপজেলার পানি উন্নয়ন বোর্ড সড়ক এলাকার একটি বাড়ির সামনে খালপাড় থেকে রিকশাচালক মিজানুর রহমানের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি আগের রাতে নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
১৪ জুন তালতলী থানায় কর্মরত পুলিশ কনস্টেবল ফারুক গাজী থানা ব্যারাকে একটি চিরকুট লিখে বিষপানে আত্মহত্যা করেন বলে জানা যায়।
স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিক ঘটনাগুলোর কারণে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। সন্ধ্যার পর অনেকেই নিরাপত্তাহীনতায় ভুগছেন।
ফুলঝুড়ি এলাকার বাসিন্দা আঃ খালেক বলেন, ‘আমার ভাইকে কনু ও জাফর অনেক দিন আগে হত্যা করেছে। সেই ঘটনার বিচার এখনো পাইনি। আবার একই ইউনিয়নে কালুকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমরা আতঙ্কে আছি।’
তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগের সঙ্গে একমত নয় পুলিশ। বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা বলেন, ‘উদ্ধার হওয়া মরদেহগুলোর মধ্যে তিনটি সরাসরি হত্যাকাণ্ডের ঘটনা রয়েছে। অন্যান্য ঘটনা আত্মহত্যা ও অস্বাভাবিক মৃত্যু সংক্রান্ত। সব ঘটনার তদন্ত চলছে এবং পুলিশ দিন-রাত কাজ করছে।’
বাংলাদেশ সময়: ১২:০৭:৪৮ ● ২০ বার পঠিত
