
সাগরকন্যা প্রতিবেদক, দুমকি(পটুয়াখালী)
প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ও গণঅধিকার পরিষদের সভাপতি সাবেক ডাকসু ভিপি মো. নুরুল হক নূর বলেছেন, কোটা সংস্কার আন্দোলন থেকেই পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সূত্রপাত হয় এবং তা ২০২৪ সালের গণআন্দোলনে রূপ নেওয়ার মধ্য দিয়ে বর্তমান বাংলাদেশের বাস্তবতা সৃষ্টি হয়েছে। আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী ও জনগণের ভূমিকার কথা উল্লেখ করে তিনি গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
শুক্রবার (৩ জুলাই) বিকেল সাড়ে ৫টায় পটুয়াখালীর দুমকি উপজেলা অডিটোরিয়ামে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, শিক্ষক ও সর্বস্তরের জনগণের সঙ্গে গণঅধিকার পরিষদ (জিওপি) আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল হক নূর বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে যেমন অত্যাচার-নির্যাতন, গুম ও খুনের ঘটনা ঘটেছে, তেমনি কিছু উন্নয়নমূলক কাজও হয়েছে। তিনি বলেন, পায়রা সেতু ও পায়রা বন্দর আওয়ামী লীগ সরকারের সময় নির্মিত হয়েছে। জনগণের ভ্যাট-ট্যাক্সের অর্থেই দেশের উন্নয়ন হয়। ভাঙ্গা থেকে কুয়াকাটা এবং গলাচিপা পর্যন্ত চার বা ছয় লেন সড়ক নির্মাণ এখন সময়ের দাবি। পায়রা বন্দর পূর্ণাঙ্গভাবে চালু হলে দক্ষিণাঞ্চলের মানুষের জীবনমান বদলে যাবে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, দেশে গণতন্ত্র, সুশাসন ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে জনগণের ন্যায্য অধিকার আদায়ে গণঅধিকার পরিষদ ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন।
গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য কৃষিবিদ মো. শহিদুল ইসলাম ফাহিম সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। দুমকি উপজেলা শাখার সভাপতি মো. মুন্না ফরাজীর সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. নাসির উদ্দিন জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ বাহাউদ্দীন বাহার, প্রেসক্লাব দুমকির সভাপতি অধ্যক্ষ মো. জসিম উদ্দিন সুমন, বেসরকারি স্কুল-কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মো. জামাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা সোহরাব শরীফ এবং জলিশা প্রতিবন্ধী বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সোহেল খানসহ অনেকে বক্তব্য দেন।
মতবিনিময় সভায় স্থানীয় পরিস্থিতি, গণতন্ত্র, জনগণের অধিকার, সুশাসন প্রতিষ্ঠা এবং বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করা হয়। বক্তারা জনসম্পৃক্ত রাজনীতি গড়ে তোলা এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, গণমাধ্যমকর্মী, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমআর