নির্ধারিত স্থানে মডেল মসজিদ বাস্তবায়নের দাবিতে গৌরনদীতে মানববন্ধন

হোম » বরিশাল » নির্ধারিত স্থানে মডেল মসজিদ বাস্তবায়নের দাবিতে গৌরনদীতে মানববন্ধন
শুক্রবার ● ৩ জুলাই ২০২৬


নির্ধারিত স্থানে মডেল মসজিদ বাস্তবায়নের দাবিতে গৌরনদীতে মানববন্ধন

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

 

গৌরনদীতে নির্মাণাধীন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণকাজ সচল রেখে নির্ধারিত স্থানেই প্রকল্প বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জুলাই) জুমার নামাজের পর স্থানীয় মুসল্লি ও বাসিন্দারা এ কর্মসূচি পালন করেন।

 

মানববন্ধনে অংশগ্রহণকারীরা দাবি করেন, পূর্বনির্ধারিত স্থানেই মডেল মসজিদ প্রকল্পের নির্মাণকাজ সম্পন্ন করতে হবে এবং বন্ধ থাকা কাজ দ্রুত পুনরায় শুরু করতে হবে।

 

স্থানীয় জনগণ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে গৌরনদীর দক্ষিণ বিজয়পুর এলাকার সুফী সাহেবের বাড়ি সংলগ্ন মসজিদকে কেন্দ্র করে আওয়ামী লীগ সরকারের আমলে ২০২১ সালে একটি মডেল মসজিদ নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়। প্রকল্প বাস্তবায়নের জন্য মাহফুক খান নামে এক ঠিকাদারকে কার্যাদেশ দেওয়া হলেও নির্ধারিত স্থানে পর্যাপ্ত জমি না থাকায় কাজ এগোয়নি।

 

পরে অন্তর্বর্তী সরকারের সময়ে গৌরনদীর আশোকাঠি এলাকায় প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়। নতুন ঠিকাদারকে কার্যাদেশ দেওয়ার পর ২০২৪ সালের এপ্রিল মাসে পাইলিং কাজ সম্পন্ন করে মূল ভবনের নির্মাণকাজ শুরু করা হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।

 

তবে সম্প্রতি হঠাৎ করেই নির্মাণকাজ বন্ধ হয়ে যায়। পরে এলাকায় প্রকল্পটি অন্যত্র স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে বলে খবর ছড়িয়ে পড়ে।

 

স্থানীয় বাসিন্দা এনামুল হক বলেন, গৌরনদী মডেল মসজিদ প্রকল্পের প্রায় ৩০ শতাংশ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এ অবস্থায় প্রশাসনের নির্দেশে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। প্রকল্পটি বাতিল করে অন্যত্র নেওয়ার চেষ্টা চলছে। আমরা নির্ধারিত স্থানেই প্রকল্পটি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।

 

বক্তারা বলেন, দেশের প্রতিটি উপজেলায় আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন মডেল মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও গৌরনদীতে বারবার এ প্রকল্প বাস্তবায়ন বাধাগ্রস্ত হচ্ছে। এতে স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে। তারা দ্রুত নির্মাণকাজ পুনরায় শুরু করে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পটি সম্পন্ন করার দাবি জানান।

 

মানববন্ধন শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান আকবর, শহিদুল ইসলাম ঘরামী, হুমায়ুন কবির, পৌর জামায়াতের মাওলানা হাফিজুর রহমান, মুসল্লি আবু সাঈদ, নজরুল সরদার, আরিফ ফকির, সোবহান সরদার, এনামুল ফকিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বাংলাদেশ সময়: ২০:০৩:০৩ ● ২৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ