
সাগরকন্যা প্রতিবেদক, মোরেলগঞ্জ (বাগেরহাট)
বাগেরহাটের মোরেলগঞ্জে পানগুছি নদীর ফেরিঘাটে সংস্কার কাজের জন্য শুক্রবার (৩ জুলাই) সকাল থেকে তিন দিনের জন্য ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে নদীর উভয় তীরে যাত্রী ও যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। পণ্যবাহী যানবাহনসহ সাধারণ যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়েছে।
ফেরি চলাচল বন্ধ থাকায় যাত্রীরা নৌকায় করে নদী পারাপার হচ্ছেন। তবে বাস, ট্রাকসহ ভারী যানবাহন ফেরি পারাপার করতে না পারায় পরিবহন কার্যক্রম ব্যাহত হচ্ছে।
ফেরিঘাট কর্তৃপক্ষ জানায়, শুক্রবার সকাল থেকে ফেরিঘাটের উভয় প্রান্তের ক্ষতিগ্রস্ত বেইলি পাটাতন অপসারণ এবং বারইখালী প্রান্তের পন্টুন মেরামতের কাজ শুরু হয়েছে। সংস্কার কাজ শেষ হলে আগামী সোমবার (৬ জুলাই) সকাল ৬টা থেকে ফেরি চলাচল পুনরায় শুরু হবে।
এর আগে গত ৩০ জুন সড়ক বিভাগ বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তিন দিন ফেরি চলাচল বন্ধ থাকার বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের মোরেলগঞ্জের পানগুছি নদী ফেরিঘাটের উভয় প্রান্তের বেইলি পাটাতন ক্ষতিগ্রস্ত হওয়ায় দীর্ঘদিন ধরে যান চলাচলে সমস্যা হচ্ছিল। এছাড়া বারইখালী প্রান্তের পন্টুন জরুরি ভিত্তিতে মেরামতের প্রয়োজন দেখা দেয়। জোয়ারের সময় সংযোগ সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় যাত্রীদের নিরাপত্তা ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে সংস্কার কাজের উদ্যোগ নেওয়া হয়েছে।
নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম বলেন, দ্রুতগতিতে সংস্কার কাজ এগিয়ে চলছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করে আগামী সোমবার সকাল ৬টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে।
সাময়িক এই ভোগান্তির জন্য সড়ক বিভাগের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।
এমই/এমআর