
সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
পিরোজপুরে ইতালির তৈরি একটি বিদেশি পিস্তল ও ৪৩ রাউন্ড গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন মো. হাসান ওরফে মেহেদী হাসান, মো. আল আমিন শেখ এবং আলী হোসেন।
শুক্রবার দুপুরে পিরোজপুর সদর থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী।
পুলিশ সুপার জানান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অস্ত্র উদ্ধার, মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার কদমতলা বাজার এলাকায় সন্দেহভাজন হিসেবে মো. হাসান ওরফে মেহেদী হাসান ও মো. আল আমিন শেখকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জানান, ৩০ হাজার টাকার বিনিময়ে একটি বিদেশি পিস্তল ও গুলি একজনের কাছে বিক্রি করেছেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোর ৬টার দিকে সদর উপজেলার টোনা ইউনিয়নের তেতুলতলা এলাকায় আলী হোসেনের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ।
তল্লাশিকালে ইতালির তৈরি একটি পিস্তল ও ৪৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় আলী হোসেনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, অভিযানের সময় স্থানীয় গ্রাম পুলিশ ও এলাকার কয়েকজন ব্যক্তি উপস্থিত ছিলেন। উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি জব্দ করা হয়েছে। গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী বলেন, ‘অপরাধ দমনে পিরোজপুর জেলা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।’