বৃহস্পতিবার ● ২ জুলাই ২০২৬

মুলাদীতে হ্যান্ডকাফসহ আ’লীগকর্মীকে ছিনিয়ে নেওয়ায় ১৭ জনের বিরুদ্ধে মামলা

হোম » বরিশাল » মুলাদীতে হ্যান্ডকাফসহ আ’লীগকর্মীকে ছিনিয়ে নেওয়ায় ১৭ জনের বিরুদ্ধে মামলা
বৃহস্পতিবার ● ২ জুলাই ২০২৬


মুলাদীতে হ্যান্ডকাফসহ আ‘লীগকর্মীকে ছিনিয়ে নেয়ায় ১৭ জনের বিরুদ্ধে মামলা

সাগরকন্যা প্রতিবেদক, মুলাদী (বরিশাল)

বরিশালের মুলাদীতে পুলিশের কাছ থেকে হ্যান্ডকাফসহ এক আওয়ামী লীগ কর্মীকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় ১৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মুলাদী থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এর আগে বুধবার বিকেল ৫টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের রামারপোল বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, রাশেদুল ইসলাম সেতু ভুইয়া (৪০) উপজেলার রামারপোল গ্রামের মৃত সেলিম ভুইয়ার ছেলে এবং নাজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় কর্মী। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠান আয়োজনের অভিযোগে গত ২৩ জুন দায়ের হওয়া একটি মামলায় তিনি ৫ নম্বর আসামি ছিলেন।

সুনির্দিষ্ট মামলা ও গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে বুধবার বিকেলে রামারপোল বাজার থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে হ্যান্ডকাফ পরিয়ে মোটরসাইকেলে করে থানায় নেওয়ার সময় রামারপোল গ্রামের আলমগীর ভুইয়ার ছেলে কামরুজ্জামান বাবু ভুইয়া ও সামসুল হক ভুইয়ার ছেলে সুমন ভুইয়ার নেতৃত্বে ১৮ থেকে ২০ জন ব্যক্তি পথরোধ করেন বলে অভিযোগ রয়েছে।

পুলিশের দাবি, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে ছেড়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হলে পুলিশ তাতে রাজি হয়নি। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয় এবং অভিযুক্তরা রাশেদুল ইসলাম সেতু ভুইয়াকে ছিনিয়ে নিয়ে যান।

ঘটনার পর বুধবার রাতেই মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হ্যান্ডকাফসহ আসামিকে উদ্ধারের চেষ্টা চালায়। রাত ১টার দিকে সেতু ভুইয়ার স্বজনরা কৌশলে পুলিশের কাছ থেকে চাবি নিয়ে হ্যান্ডকাফ ফেরত দিলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

এ ঘটনায় এসআই মনির হোসেন বাদী হয়ে কামরুজ্জামান বাবু ভুইয়া, সুমন ভুইয়াসহ ১৭ জনের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা প্রদান ও আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা দায়ের করেছেন।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মো. সোহেল রানা বলেন, রামারপোল বাজারে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। ছিনিয়ে নেওয়া আসামিসহ অন্য আসামিরা পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এমএমএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২১:৪৮:৩৩ ● ২০ বার পঠিত