বুধবার ● ১ জুলাই ২০২৬

চরফ্যাশনে ট্রলির ধাক্কায় মাদ্রাসাছাত্রী নিহত, মরদেহ কাঁধে নিয়ে সহপাঠীদের বিক্ষোভ

হোম » ভোলা » চরফ্যাশনে ট্রলির ধাক্কায় মাদ্রাসাছাত্রী নিহত, মরদেহ কাঁধে নিয়ে সহপাঠীদের বিক্ষোভ
বুধবার ● ১ জুলাই ২০২৬


চরফ্যাশনে ট্রলির ধাক্কায় মাদ্রাসাছাত্রী নিহত, মরদেহ কাঁধে নিয়ে সহপাঠীদের বিক্ষোভ

সাগরকন্যা প্রতিবেদক, ভোলা

ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার চেয়ারম্যান বাজার-শশীভূষণ আঞ্চলিক সড়কে বালুভর্তি ট্রলির ধাক্কায় লিয়া আক্তার (১৫) নামে এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে মাদ্রাসায় যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লিয়া আক্তার চেয়ারম্যান বাজার ইসলামিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী। তিনি শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রফিকুল ইসলামের মেয়ে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, প্রতিদিনের মতো বুধবার সকালে লিয়া মাদ্রাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। চেয়ারম্যান বাজার-শশীভূষণ আঞ্চলিক সড়কে পৌঁছালে পেছন দিক থেকে আসা বালুভর্তি একটি ট্রলি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রলিচালক পালিয়ে যান।

খবর পেয়ে মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক, স্বজন ও স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হন। একপর্যায়ে সহপাঠীরা লিয়ার মরদেহ কাঁধে নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন এবং চেয়ারম্যান বাজার-শশীভূষণ আঞ্চলিক সড়ক অবরোধ করেন। এ সময় তারা ঘাতক চালকের বিচার ও নিরাপদ সড়কের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

সড়ক অবরোধের কারণে উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে শশীভূষণ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরোধ প্রত্যাহার করা হয়।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হাসান বলেন, ছাত্রী নিহতের ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে দুর্ঘটনায় জড়িত ট্রলিটি জব্দ করা হয়েছে।


এসএফ/এমআর

বাংলাদেশ সময়: ১৮:০৭:২০ ● ২১ বার পঠিত