
সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী
‘সময়ের সঙ্গে আগামীর পথে’ স্লোগান নিয়ে ২০০৩ সালের ৩ জুলাই যাত্রা শুরু করা দর্শকপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভি ২৩ বছর পূর্ণ করে ২৪তম বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে পটুয়াখালীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) দক্ষিণ বঙ্গ বৃদ্ধাশ্রমে প্রবীণদের সঙ্গে নিয়ে কেক কেটে দিবসটির উদ্বোধন করা হয়। পরে অতিথিরা বৃদ্ধাশ্রম প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন এবং প্রবীণদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।
এনটিভির পটুয়াখালী স্টাফ করেসপন্ডেন্ট কাজল বরণ দাসের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী পৌর প্রশাসক ও উপসচিব মো. জুয়েল রানা। বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. সাজেদুল ইসলাম এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান টোটন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি মো. জাকির হোসেন। এছাড়া জেলার সাংবাদিক, সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।
বক্তারা এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়ে বলেন, সংবাদ, বিনোদন ও শিক্ষামূলক অনুষ্ঠান সম্প্রচারের মাধ্যমে এনটিভি দেশের মানুষের প্রত্যাশা পূরণ করে আসছে। দীর্ঘ পথচলায় নানা চড়াই-উতরাই অতিক্রম করেও চ্যানেলটি দর্শকপ্রিয়তা ও বিশ্বাসযোগ্যতা ধরে রেখেছে। ভবিষ্যতেও এনটিভির এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।