বুধবার ● ১ জুলাই ২০২৬
বাউফলে ৪৩ লাখ টাকার ডাকাতি মামলার পলাতক আসামি বাচ্চু সরদার গ্রেপ্তার
হোম » পটুয়াখালী » বাউফলে ৪৩ লাখ টাকার ডাকাতি মামলার পলাতক আসামি বাচ্চু সরদার গ্রেপ্তার

সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী
পটুয়াখালীর বাউফলে প্রায় ৪৩ লাখ টাকার ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক আসামি মো. বাচ্চু সরদারকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব-৮। সোমবার (২৯ জুন) রাতে বরিশাল নগরের কালিজিরা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (১ জুলাই) র্যাব-৮ সূত্রে এ তথ্য জানা গেছে। গ্রেপ্তার বাচ্চু সরদার বাউফল উপজেলার কালাইয়া এলাকার আলম সরদারের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮-এর সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প এবং বরিশালস্থ র্যাবের একটি যৌথ আভিযানিক দল ৩০ জুন রাতে কালিজিরা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে বাউফল থানার একটি ডাকাতি মামলার পলাতক আসামি বাচ্চু সরদারকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৫ সালের ২৪ আগস্ট গভীর রাতে বাউফলের একটি বাড়িতে ঢুকে ৬ থেকে ৭ জনের একটি ডাকাত দল পরিবারের সদস্যদের জিম্মি করে। পরে তারা নগদ ৫ লাখ টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এজাহারে লুণ্ঠিত মালামালের মোট মূল্য প্রায় ৪৩ লাখ ৩৯ হাজার টাকা উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর ভুক্তভোগী আজাহার জোমাদ্দার (৬৫) বাদী হয়ে বাউফল থানায় ডাকাতি মামলা দায়ের করেন। এরপর থেকেই মামলাটির ছায়া তদন্ত শুরু করে র্যাব।
র্যাবের দাবি, ঘটনার পর বাচ্চু সরদার এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান এবং গ্রেপ্তার এড়াতে বিভিন্ন স্থানে অবস্থান পরিবর্তন করেন। গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বরিশাল মহানগরীর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৮ বরিশালের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান (পিপিএম-সেবা) বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৪:৫৫:০৬ ● ১৩ বার পঠিত
