মঙ্গলবার ● ৩০ জুন ২০২৬

ইয়াবাসহ আটক যুবকের জার্সি এআই দিয়ে বদলের অভিযোগ, সমালোচনায় বিএমপি মিডিয়া উইং

হোম » খেলা » ইয়াবাসহ আটক যুবকের জার্সি এআই দিয়ে বদলের অভিযোগ, সমালোচনায় বিএমপি মিডিয়া উইং
মঙ্গলবার ● ৩০ জুন ২০২৬


 

ইয়াবাসহ আটক যুবকের জার্সি এআই দিয়ে বদলের অভিযোগ, সমালোচনায় বিএমপি মিডিয়া উইং

সাগরকন্যা প্রতিবেদক, বরিশাল

 

বরিশালে ইয়াবাসহ আটক এক যুবকের গায়ে থাকা আর্জেন্টিনার জার্সি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ব্রাজিলের জার্সিতে পরিবর্তন করার অভিযোগ উঠেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) মিডিয়া উইংয়ের বিরুদ্ধে। বিষয়টি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এ ঘটনায় সমালোচনার পাশাপাশি ব্রাজিল সমর্থকদের মধ্যেও ক্ষোভ দেখা দিয়েছে।

 

জানা গেছে, সোমবার (২৯ জুন) বিকেলে বরিশাল নগরীর পলাশপুর কলোনিতে অভিযান চালিয়ে রাসেল হাওলাদার (৩৫) নামে এক ব্যক্তিকে ৮০০ পিস ইয়াবাসহ আটক করে কাউনিয়া থানা পুলিশ। আটকের সময় তার গায়ে আর্জেন্টিনা ফুটবল দলের জার্সি ছিল বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

 

পরে থানার পক্ষ থেকে তোলা ছবি বিএমপির মিডিয়া সেলে পাঠানো হলে সেখানে ডিজিটালভাবে জার্সির নকশা পরিবর্তন করে ব্রাজিল দলের জার্সি যুক্ত করা হয়েছে বলে অভিযোগ ওঠে। মূল ছবি ও প্রকাশিত ছবির মধ্যে অসঙ্গতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়।

 

তবে এ বিষয়ে বিএমপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা ও কীভাবে ছবির পরিবর্তন ঘটেছে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্যও জানা যায়নি।

 

ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই আইনশৃঙ্খলা বাহিনীর প্রকাশিত ছবিতে ডিজিটাল পরিবর্তনের অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২২:৫২:৪৫ ● ১৪৪ বার পঠিত