মঙ্গলবার ● ৩০ জুন ২০২৬

চট্টগ্রামের সদরঘাটে ফিশিং ট্রলারে আগুন, দগ্ধ ৬

হোম » চট্টগ্রাম » চট্টগ্রামের সদরঘাটে ফিশিং ট্রলারে আগুন, দগ্ধ ৬
মঙ্গলবার ● ৩০ জুন ২০২৬


চট্টগ্রামের সদরঘাটে ফিশিং ট্রলারে আগুন, দগ্ধ ৬

সাগরকন্যা প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের সদরঘাটে কর্ণফুলী নদীতে নোঙর করা একটি মাছ ধরার ট্রলারে অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়জন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন-সহকারী প্রকৌশলী আশিকুজ্জামান তামিম, গ্রিজার রুবেল, গ্রিজার শাহ আলম, উইঞ্চ অপারেটর নিজাম উদ্দিন, ডুবুরি রাসেল ও ছিদ্দিক আহমেদ।

তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) দুপুর পৌনে ১টার দিকে সদরঘাটের সাম্পানঘাট এলাকায় নোঙর করা ট্রলারটির ইঞ্জিন কক্ষে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সদরঘাট নৌ-পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্রলারের ক্যাপ্টেন জুবায়ের মাহমুদ সদরঘাট থানায় করা সাধারণ ডায়েরিতে (জিডি) উল্লেখ করেন, গভীর সমুদ্রে মাছ আহরণ শেষে গত ২৯ জুন দুপুরে ট্রলারটি কর্ণফুলী নদীর সদরঘাটের সাম্পানঘাট এলাকায় মুরিং বয়ায় নোঙর করা হয়। পরদিন মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে ইঞ্জিন কক্ষ থেকে হঠাৎ বিকট শব্দের পর আগুনের সূত্রপাত হয়।

এ ঘটনায় ইঞ্জিন কক্ষে কর্মরত আশিকুজ্জামান তামিম, রুবেল ও শাহ আলম এবং ডেকে দায়িত্ব পালনরত নিজাম উদ্দিন, রাসেল ও ছিদ্দিক আহমেদ দগ্ধ হন।

পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাদের চিকিৎসা চলছে। তদন্ত শেষে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

বাংলাদেশ সময়: ২০:২৩:২০ ● ১৮ বার পঠিত