মঙ্গলবার ● ৩০ জুন ২০২৬
বিকল্প আয়ের উদ্যোগ কলাপাড়ায় শিক্ষার্থীদের মাঝে কবুতরের বাচ্চা, গাছের চারা ও শিক্ষা উপকরণ বিতরণ
হোম » শিক্ষা » বিকল্প আয়ের উদ্যোগ কলাপাড়ায় শিক্ষার্থীদের মাঝে কবুতরের বাচ্চা, গাছের চারা ও শিক্ষা উপকরণ বিতরণ

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় পড়ালেখার পাশাপাশি বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি এবং শিক্ষার্থীদের উৎসাহিত করতে শতাধিক শিক্ষার্থীর মাঝে কবুতরের বাচ্চা, গাছের চারা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার হাজিপুর মাধ্যমিক বিদ্যালয়ে ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স কর্মসূচির উদ্যোগে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ৩০ জন শিক্ষার্থীকে ছয়টি করে কবুতরের বাচ্চা, ৫০ জন শিক্ষার্থীকে একটি করে ফলজ ও বনজ গাছের চারা এবং ২০ জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ হিসেবে স্কুলব্যাগ, খাতা ও কলম দেওয়া হয়।
এ সময় বক্তব্য দেন ব্র্যাকের সিনিয়র কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার কেএম মশিউর রহমান, স্মার্ট স্টুডেন্ট ফাইন্যান্স প্রোগ্রামের এলাকা ব্যবস্থাপক মো. আসাদুজ্জামান এবং হাজিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজালাল মুন্সী।
বক্তারা বলেন, ব্র্যাকের উদ্যোগে উপজেলার ১৪টি বিদ্যালয়ের ৬৪১ জন শিক্ষার্থীকে ইংরেজি ভাষা শিক্ষা প্রদান করা হচ্ছে। পাশাপাশি অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া হচ্ছে, যা তাদের শিক্ষাজীবন অব্যাহত রাখতে সহায়ক ভূমিকা রাখছে।
স্মার্ট স্টুডেন্ট ফাইন্যান্স প্রোগ্রামের এলাকা ব্যবস্থাপক মো. আসাদুজ্জামান বলেন, শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমের পাশাপাশি আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে এ ধরনের সহায়ক কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৮:৩০:৫৯ ● ১৩ বার পঠিত
