মঙ্গলবার ● ৩০ জুন ২০২৬

দুমকিতে সন্দেহভাজন পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১০ জন আহত

হোম » পটুয়াখালী » দুমকিতে সন্দেহভাজন পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১০ জন আহত
মঙ্গলবার ● ৩০ জুন ২০২৬


 

দুমকিতে সন্দেহভাজন পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১০ জন আহত

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)

পটুয়াখালীর দুমকি উপজেলায় একটি সন্দেহভাজন পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৩০ জুন) সকাল ৯টা থেকে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে পথচারী ও শিশুদের ওপর হামলা চালায় কালো-সাদা রঙের একটি কুকুর। কুকুরটি এখনো ধরা না পড়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আহতদের মধ্যে পাঁচ বছরের আরাবী ও তাইবা, ছয় বছরের জিদান, আট বছরের মুবিন এবং ৯ ও ১১ বছরের মুরসালিন ও নিঝুম রয়েছে। আক্রান্তদের বেশির ভাগই শিশু বলে জানা গেছে।

আহতদের দ্রুত দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাদের চিকিৎসা ও জলাতঙ্ক প্রতিরোধী টিকা দেওয়া হয়। গুরুতর আহত পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

দুমকি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর শহীদুল ইসলাম শাহীন বলেন, “হাসপাতালে আসা রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা ও জলাতঙ্ক প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে প্রাণিসম্পদ বিভাগকে দ্রুত কুকুরটি নিয়ন্ত্রণে আনার জন্য বলা হয়েছে।”

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আশিক হাজরা বলেন, বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। কুকুরটিকে শনাক্ত ও নিয়ন্ত্রণে আনতে সমন্বিতভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এদিকে জননিরাপত্তার স্বার্থে দ্রুত কুকুরটিকে আটক বা নিয়ন্ত্রণে আনার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

বাংলাদেশ সময়: ১৭:০৫:৩১ ● ৬ বার পঠিত