মঙ্গলবার ● ৩০ জুন ২০২৬

বাউফলের ইয়াবাসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা রুবেল ভূঁইয়া বহিষ্কার

হোম » পটুয়াখালী » বাউফলের ইয়াবাসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা রুবেল ভূঁইয়া বহিষ্কার
মঙ্গলবার ● ৩০ জুন ২০২৬


 

বাউফলের ইয়াবাসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা রুবেল ভূঁইয়া বহিষ্কার

সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী

 

পটুয়াখালীর বাউফলে ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া সূর্যমনি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রুবেল ভূঁইয়াকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে পদসহ দলের প্রাথমিক সদস্যপদ থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে।

 

সোমবার (২৯ জুন) বাউফল উপজেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক জুবায়ের রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনপরিপন্থী অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মো. রুবেল ভূঁইয়াকে সূর্যমনি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পদ, বাউফল উপজেলা ছাত্রদলের প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

 

এতে আরও বলা হয়, বহিষ্কারাদেশ কার্যকর হওয়ার পর থেকে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের রুবেল ভূঁইয়ার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ বা সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

বাউফল উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদ বলেন, ‘দলের শৃঙ্খলা ও আদর্শের প্রশ্নে আমরা কোনো ধরনের আপস করিনি এবং ভবিষ্যতেও করব না। আইনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের সত্যতা পাওয়ায় রুবেল ভূঁইয়াকে বহিষ্কার করা হয়েছে। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়- এমন কোনো কর্মকাণ্ডে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

 

উল্লেখ্য, গত ২৬ জুন বাউফলে পৃথক অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী ইয়াবাসহ মো. রুবেল ভূঁইয়াকে গ্রেপ্তার করে। এ সময় তার সঙ্গে আরও তিনজনকে আটক করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।

বাংলাদেশ সময়: ৭:৫১:৩১ ● ১৬ বার পঠিত