সোমবার ● ২৯ জুন ২০২৬

কলাপাড়ায় স্কুল পরিচালনা কমিটির নির্বাচনে অবৈধ ভোটার হওয়ার অভিযোগ, স্থগিত নির্বাচন

হোম » শিক্ষা » কলাপাড়ায় স্কুল পরিচালনা কমিটির নির্বাচনে অবৈধ ভোটার হওয়ার অভিযোগ, স্থগিত নির্বাচন
সোমবার ● ২৯ জুন ২০২৬


 

প্রকাশিত খসড়া ভোটার তালিকা (বাম পাশে উপরে) এবং (নিচে) হাজিরা খাতার চিত্র।

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের রহিম উদ্দিন বিশ্বাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে এক অভিভাবকের বিরুদ্ধে অনিয়মের মাধ্যমে ভোটার হওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, মাদ্রাসায় অধ্যয়নরত এক শিক্ষার্থীকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে দেখিয়ে তিনি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। একই সঙ্গে তিনি বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচনে প্রার্থী হয়ে প্রচারণাও চালিয়ে যাচ্ছেন বলে দাবি করেছেন বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থীর অভিভাবক।

 

জানা গেছে, একই ইউনিয়নের হাসনাপাড়া কেরাতুল কোরআন মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী রাইয়ান উদ্দিন নিহান নিয়মিত ওই মাদ্রাসায় অধ্যয়ন করছে। মাদ্রাসার হাজিরা খাতায় তার উপস্থিতির তথ্যও রয়েছে। অথচ একই সময়ে তাকে রহিম উদ্দিন বিশ্বাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী হিসেবে দেখানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

 

অভিযোগে আরও বলা হয়েছে, বিদ্যালয়ের হাজিরা খাতায় অন্য এক শিক্ষার্থীর নাম সংশোধন করে সেখানে রাইয়ান উদ্দিন নিহানের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ছাড়া হাজিরা খাতা পর্যালোচনায় দেখা গেছে, সেখানে শিক্ষার্থীর নাম ‘মো. নিহান’ হিসেবে উল্লেখ রয়েছে। তবে প্রকাশিত খসড়া ভোটার তালিকায় তার নাম ‘রাইয়ান উদ্দিন নিয়ান’ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

 

এদিকে, একজন শিক্ষার্থী কীভাবে একই সময়ে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত থাকতে পারে, তা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।

 

এ বিষয়ে জানতে শিক্ষার্থীর বাবা ও ব্যবস্থাপনা কমিটির সম্ভাব্য সভাপতি পদপ্রার্থী নিজাম উদ্দিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

 

হাসনাপাড়া কেরাতুল কোরআন মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আল আমিন বলেন, ‘নিহান আমার মাদ্রাসায় পড়াশোনা করছে। এর আগে সে অন্য একটি মাদ্রাসায় পড়ত।’

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল কুদ্দুস খান বলেন, ‘ভোটার তালিকা নিয়ে অভিযোগ ওঠায় ৩০ জুন অনুষ্ঠিতব্য বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচন স্থগিত করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তির ভোটার হওয়ার বৈধতা বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এবং নির্বাচন পুনঃতফসিল কবে ঘোষণা করা হবে, সে বিষয়ে উপজেলা শিক্ষা অফিস থেকে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।’

 

রহিম উদ্দিন বিশ্বাস সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা এস এম বজলুল করিম সাগরকন্যার এ প্রতিবেদককে বলেন, অবৈধভাবে ভোটার হওয়ার বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০:০৩:২২ ● ২৫ বার পঠিত