শনিবার ● ২৭ জুন ২০২৬

২৪ ঘণ্টা ফেরি চলাচল শুরু, ২৩ বছরের ভোগান্তির অবসান মোংলা নদীতে

হোম » খুলনা » ২৪ ঘণ্টা ফেরি চলাচল শুরু, ২৩ বছরের ভোগান্তির অবসান মোংলা নদীতে
শনিবার ● ২৭ জুন ২০২৬


 

২৪ ঘণ্টা ফেরি চলাচল শুরু, ২৩ বছরের ভোগান্তির অবসান মোংলা নদীতে

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

 

দীর্ঘ ২৩ বছরের দুর্ভোগের অবসান ঘটিয়ে মোংলা নদীতে ২৪ ঘণ্টার ফেরি সার্ভিস চালু হয়েছে। এখন থেকে জোয়ার-ভাটার ওপর নির্ভর না করে দিন-রাত সার্বক্ষণিক দুটি ফেরি চলাচল করবে। এতে মোংলা, মোড়েলগঞ্জ, শরণখোলা ও রামপাল উপজেলার মানুষ সরাসরি উপকৃত হবেন।

 

শনিবার (২৭ জুন) সকালে স্থায়ী বন্দর বাসস্ট্যান্ডসংলগ্ন ফেরিঘাটে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে পূর্ণকালীন ফেরি সার্ভিসের উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডা. শেখ ফরিদুল ইসলাম।

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ‘মোংলা বন্দর, ইপিজেড ও শিল্পাঞ্চলের হাজার হাজার কর্মজীবী মানুষের দীর্ঘদিনের ভোগান্তি এবং নদী পারাপারে দুর্ঘটনার ঝুঁকি কমাতে ২৪ ঘণ্টার ফেরি সার্ভিস চালু করা হয়েছে। ২০০৩ সালে মোংলা নদীতে ফেরি চলাচল শুরু হলেও এতদিন তা শুধু জোয়ারের সময় পরিচালিত হতো। এখন থেকে দুটি ফেরি সার্বক্ষণিক চলাচল করবে।’

 

তিনি আরও বলেন, ‘মোংলা নদীর ওপর একটি ঝুলন্ত সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে। সেতুর কাজ দৃশ্যমান না হওয়া পর্যন্ত পূর্ণকালীন ফেরি সার্ভিস চালু থাকবে।’ এ উদ্যোগ স্থানীয় জনসাধারণের যাতায়াত সহজ করার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

 

কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘ফেরিঘাটে অবশ্যই ভাড়ার চার্ট বা রেট বোর্ড টানানো থাকতে হবে। চার্ট না টাঙালে কোনো ভাড়া দেবেন না।’

 

তিনি জানান, সার্বক্ষণিক ফেরি চলাচল শুরু হওয়ায় জয়মনি খাদ্যগুদাম থেকে পণ্য পরিবহন আরও সহজ হবে। পাশাপাশি মোড়েলগঞ্জ, শরণখোলা ও রামপালের মানুষের যাতায়াত সুবিধা বাড়বে এবং দক্ষিণাঞ্চলের কৃষিপণ্য পরিবহনে গতি আসবে। এতে ফেরি সার্ভিসটি লাভজনক হয়ে উঠবে বলেও তিনি উল্লেখ করেন।

 

মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শারমিন আক্তার সুমির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অনুপ দাস এবং বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম প্রামাণিক।

 

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোংলা পোর্ট পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি মো. জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার, গোলাম নুর জনিসহ স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিরা।

বাংলাদেশ সময়: ১১:৩৬:৪৫ ● ১১১ বার পঠিত