শনিবার ● ২৭ জুন ২০২৬

পাগলা মসজিদের ১৩ দানবাক্সে এবার মিলল ৪৩ বস্তা টাকা

হোম » আলোচিত খবর » পাগলা মসজিদের ১৩ দানবাক্সে এবার মিলল ৪৩ বস্তা টাকা
শনিবার ● ২৭ জুন ২০২৬


 

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩টি দানবাক্স শনিবার সকালে খুলছেন জেলা প্রশাসক ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন। ছবি: সংগৃহীত।

সাগরকন্যা প্রতিবেদক, কিশোরগঞ্জ

 

কিশোরগঞ্জের নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩টি লোহার দানবাক্স ছয় মাস পর খোলা হয়েছে। শনিবার (২৭ জুন) সকাল ৭টায় দানবাক্সগুলো খুলে রেকর্ড পরিমাণ ৪৩ বস্তা টাকা পাওয়া যায়।

 

মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য, মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, পার্শ্ববর্তী জামিয়া এমদাদিয়া মাদরাসার শিক্ষার্থী এবং রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ চার শতাধিক মানুষ টাকা গণনার কাজে অংশ নেন।

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, সাধারণত তিন মাস পরপর দানবাক্স খোলা হলেও বিভিন্ন কারণে এবার ছয় মাস পর তা খোলা হয়েছে। দানের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় এবার নতুন করে আরও দুটি দানবাক্স সংযোজন করা হয়।

 

কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিনের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসনা খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এর আগে গত বছরের ২৭ ডিসেম্বর ৩ মাস ২৭ দিন পর দানবাক্স খোলা হলে ১১ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ৫৩৮ টাকা পাওয়া যায়। পাশাপাশি বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কারও উদ্ধার হয়েছিল।

 

দানবাক্সে পাওয়া অর্থ গণনার কাজ চলমান রয়েছে। গণনা শেষে মোট অর্থের পরিমাণ আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলেও জানিয়েছে প্রশাসন।

বাংলাদেশ সময়: ১১:০৩:৫৮ ● ২৪ বার পঠিত