শুক্রবার ● ২৬ জুন ২০২৬
গৌরনদীতে গ্রাম উন্নয়ন সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
হোম » বরিশাল » গৌরনদীতে গ্রাম উন্নয়ন সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী
বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে বার্ষিক সাধারণ সভা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন) বিকেলে সমিতির নিজস্ব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির অর্থ সম্পাদক সাব্বির আহমেদ সুজন। অনুষ্ঠান সঞ্চালনা করেন এইচ এম ফয়সাল। পবিত্র কোরআন তেলাওয়াত করেন ফেরদাউস হাওলাদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক মো. সীজন হোসেন।
আলোচনা সভায় বক্তব্য দেন সমিতির কোষাধ্যক্ষ সরল মোল্লা, টিটু শরীফ, মো. মিরাজ হাওলাদার, বিশিষ্ট সমাজসেবক সেলিম হাওলাদার, মো. এনাম তালুকদার, মাওলানা তারিকুল ইসলাম, মো. শহীদ হাওলাদার ও কবির হাওলাদার।
বক্তারা বলেন, গ্রামীণ উন্নয়ন, সঞ্চয়ের সংস্কৃতি গড়ে তোলা, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং সদস্যদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে সমবায় আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও শক্তিশালী সমবায় সংগঠন স্থানীয় অর্থনীতিকে গতিশীল করার পাশাপাশি দারিদ্র্য বিমোচন ও সামাজিক উন্নয়নে কার্যকর অবদান রাখতে পারে।
প্রধান অতিথির বক্তব্যে মো. সীজন হোসেন বলেন, সমবায় শুধু একটি আর্থিক সংগঠন নয়, এটি পারস্পরিক সহযোগিতা, আত্মনির্ভরশীলতা ও সামাজিক উন্নয়নের একটি কার্যকর মাধ্যম। সঠিক নেতৃত্ব, স্বচ্ছতা এবং সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা গেলে সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
সভায় সমিতির বার্ষিক কার্যক্রম, আয়-ব্যয়ের হিসাব, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সদস্যদের কল্যাণ, সঞ্চয় বৃদ্ধি, নতুন কর্মসূচি গ্রহণ এবং এলাকার সার্বিক উন্নয়নে সমবায়ের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা আরও বলেন, খাঞ্জাপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড শুধু একটি আর্থিক প্রতিষ্ঠান নয়; শিক্ষা, মানবিক কর্মকাণ্ড, সামাজিক সম্প্রীতি ও উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রমেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও সদস্যদের স্বার্থ সংরক্ষণ এবং এলাকার সার্বিক উন্নয়নে সমিতির কার্যক্রম আরও সম্প্রসারিত করা হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, সমিতির উত্তরোত্তর সাফল্য এবং সদস্যদের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত সদস্যদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবক, ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সমিতির সদস্য এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৮:৩৬:৩৭ ● ৫৯ বার পঠিত
