শুক্রবার ● ২৬ জুন ২০২৬
কোমরে বেঁধে স্বর্ণ পাচার, যশোরে ১৩ সোনার বারসহ আটক ১
হোম » খুলনা » কোমরে বেঁধে স্বর্ণ পাচার, যশোরে ১৩ সোনার বারসহ আটক ১

সাগরকন্যা প্রতিবেদক, যশোর
যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী বাজার এলাকা থেকে প্রায় ২ কোটি ২১ লাখ টাকা মূল্যের ১৩টি সোনার বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৬ জুন) দুপুরে যশোর-বেনাপোল সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি সাহাব উদ্দিন সরদার (৪৪)। তিনি বেনাপোল পোর্ট থানা এলাকার বালুন্ডা গ্রামের ইয়াছিন সরদারের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে সংগ্রহ করা সোনার বার মোটরসাইকেলে করে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ দল গদখালী বাজারে অবস্থান নেয়। একপর্যায়ে সন্দেহভাজন ব্যক্তি সেখানে পৌঁছালে বিজিবি সদস্যরা তার গতিরোধ করেন।
পরে তল্লাশি চালিয়ে তার কোমরে বিশেষ কৌশলে বেঁধে রাখা ১৩টি সোনার বার উদ্ধার করা হয়। এ সময় চোরাচালানের কাজে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, উদ্ধার হওয়া সোনার বারের মোট ওজন এক কেজি ২৫৮ গ্রাম। জব্দকৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় ২ কোটি ২১ লাখ ৪৬ হাজার ৭৫০ টাকা।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে ঝিকরগাছা থানায় মামলা করা হয়েছে।
যশোর-৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সম্প্রতি বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে। সীমান্তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৮:১১:৫৭ ● ২৮ বার পঠিত
