বৃহস্পতিবার ● ২৫ জুন ২০২৬
গলাচিপায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইসলামী আন্দোলনের নেতার মৃত্যু
হোম » পটুয়াখালী » গলাচিপায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইসলামী আন্দোলনের নেতার মৃত্যু

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)
পটুয়াখালীর গলাচিপায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের এক নেতার মৃত্যু হয়েছে। নিহত মাওলানা আব্বাস আলী (৫০) সংগঠনটির গলাচিপা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার নিজ বাড়িতে বৈদ্যুতিক লাইনের মেরামতের কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে দ্রুত পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাওলানা আব্বাস আলী দীর্ঘদিন ধরে স্থানীয় পর্যায়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। পাশাপাশি ধর্মীয় ও সামাজিক বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডেও তার সক্রিয় অংশগ্রহণ ছিল।
তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় অঙ্গনের নেতাকর্মীদের মধ্যেও শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। বিভিন্ন মহল থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, তার জানাজার নামাজ ও দাফনের সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
বাংলাদেশ সময়: ২২:৫৭:০১ ● ১১ বার পঠিত
