বৃহস্পতিবার ● ২৫ জুন ২০২৬
কলাপাড়া পৌরশহরে সড়ক সংস্কারে প্রশংসিত রিমন সিকদার
হোম » পটুয়াখালী » কলাপাড়া পৌরশহরে সড়ক সংস্কারে প্রশংসিত রিমন সিকদার

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়া পৌরশহরের বিভিন্ন সড়কের খানাখন্দ ব্যক্তিগত উদ্যোগে সংস্কার করে স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছেন উপজেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক ও ক্রীড়া সংগঠক হাজী আবুল হাসনাত রিমন সিকদার। বর্ষা মৌসুম শুরু হলেও পৌরসভার পক্ষ থেকে সড়ক সংস্কারে দৃশ্যমান উদ্যোগ না থাকায় নাগরিকদের দাবির প্রেক্ষিতে তিনি এ কাজ হাতে নেন।
স্থানীয়রা জানান, পৌরশহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে দীর্ঘদিন ধরে খানাখন্দের কারণে যানবাহন চলাচলে দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। বৃষ্টির সময় এসব গর্তে পানি জমে পথচারী ও যানবাহন চালকদের ভোগান্তি আরও বেড়ে যায়। এতে রিকশা, অটোরিকশা, ভ্যান, পিকআপ, ট্রলি ও পণ্যবাহী ট্রাক চলাচলে নানা সমস্যার সৃষ্টি হচ্ছিল।
১৯৯৭ সালের ১ মার্চ প্রতিষ্ঠিত কলাপাড়া পৌরসভা বর্তমানে ‘এ’ শ্রেণির পৌরসভা হিসেবে পরিচালিত হচ্ছে। ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত এ পৌরসভায় প্রায় ২০ হাজার মানুষের বসবাস। তবে শহরের বিভিন্ন সড়কের বেহাল অবস্থার কারণে দীর্ঘদিন ধরে নাগরিকদের মধ্যে অসন্তোষ ছিল।
পৌর শহরের রহমতপুর ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রিকশাচালক মানিক বলেন, ‘পৌরসভার যিনি মেয়র হন, দেখা গেছে তিনি তাঁর আত্মীয়স্বজনদের দিয়ে উন্নয়নের কাজ করান। এতে সঠিকভাবে কাজ না হওয়ায় কয়েকদিন যেতেই সড়কে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়। আর তাতে রিকশার চাকা পড়ে যাত্রীসহ আমাদের কষ্টের শেষ থাকে না। তখন যাত্রীরা পৌরসভার জনপ্রতিনিধি, মেয়র ও কাউন্সিলরদের নিয়ে গালাগাল করেন। বর্ষা এলেও পৌরসভা সড়কের সংস্কার কাজ না করায় ব্যক্তিগত উদ্যোগে বিএনপি নেতা রিমন সিকদার সংস্কার কাজ করায় আমরা তাঁর জন্য দোয়া করি।’
নতুন বাজার ২ নম্বর ওয়ার্ডের ব্যবসায়ী আরিফ সিকদার বলেন, ‘আমরা যারা ব্যবসা করি, তাদের পণ্যবাহী যানবাহন এখন স্বাচ্ছন্দ্যে শহরের সড়কে চলাচল করতে পারবে। এজন্য ব্যবসায়ীদের পক্ষ থেকে তাঁকে সাধুবাদ জানাই।’
পৌরসভার বাসিন্দা রাসেল মোল্লা বলেন, ‘রিমন সিকদার একজন নাগরিকবান্ধব মানুষ। তিনি মাদকের বিস্তার রোধে যুবসমাজকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে ব্যক্তিগত উদ্যোগে ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, ভলিবল ও হাডুডু টুর্নামেন্ট আয়োজন করে ইতোমধ্যে মানুষের প্রশংসা অর্জন করেছেন। আগামী দিনে পৌরসভার নেতৃত্বে নাগরিকরা এমন তরুণ নেতৃত্বই প্রত্যাশা করে।’
কলাপাড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. মশিউর রহমান বলেন, ‘পৌরসভার কাউন্সিলরদের মাধ্যমে বিষয়টি জানতে পেরে সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরে জানতে পারি, হাজী সাহেবের ছেলে রিমন সিকদার ব্যক্তিগত উদ্যোগে সংস্কারকাজ শুরু করেছেন। নিজ শহরের মানুষের প্রতি ভালোবাসা থেকে কেউ যদি এমন উদ্যোগ নেয়, আমরা তাকে থামাতে পারি না। তাঁর মতো আরও মানুষ এগিয়ে এলে পৌর শহরটি আরও নাগরিকবান্ধব হয়ে উঠবে।’
হাজী আবুল হাসনাত রিমন সিকদার বলেন, ‘বেশ কিছুদিন ধরে যানবাহন চালক ও নাগরিকদের কাছ থেকে শহরের সড়কগুলোর খানাখন্দজনিত দুর্ভোগের কথা শুনছিলাম। পরে নাগরিকদের দাবির প্রেক্ষিতে আমার নিজস্ব ইটভাটা থেকে কয়েক ট্রাক ইট এনে এসব গর্ত ভরাট করে সংস্কারকাজ করি। নাগরিকদের সেবায় নিজেকে সবসময় নিয়োজিত রাখতে চাই। এজন্য সবার সহযোগিতা কামনা করছি।’
বাংলাদেশ সময়: ২১:৫৫:৩০ ● ১৯ বার পঠিত
