বৃহস্পতিবার ● ১৮ জুন ২০২৬

বিএনপি নেতাকে হত্যার বিচার দাবিতে ষষ্ঠ দিনের অবরোধ, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

হোম » লিড নিউজ » বিএনপি নেতাকে হত্যার বিচার দাবিতে ষষ্ঠ দিনের অবরোধ, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
বৃহস্পতিবার ● ১৮ জুন ২০২৬


 

বাদল মোড়ল হত্যার বিচারের দাবিতে ষষ্ঠ দিনের অবরোধ, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

 

বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের কৃষক দলের সভাপতি মো. বাদল মোড়ল (৩৫) হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ষষ্ঠ দিনের মতো আন্দোলন চালিয়ে গেছেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। হত্যার ঘটনায় জড়িত সব আসামিকে গ্রেপ্তার না করায় ক্ষোভ প্রকাশ করে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।

 

এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বারুইপাড়া ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়। এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সড়কে অবস্থান নিয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন এবং হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান দেন।

 

স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, গত ৯ জুন রাতে বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নের নিয়তির মাঠ এলাকায় দুর্বৃত্তদের হামলায় বারুইপাড়া ইউনিয়নের কৃষক দলের সভাপতি বাদল মোড়ল নিহত হন। একই ঘটনায় গুরুতর আহত হন বারুইপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল্লাহ মোড়ল।

 

আন্দোলনকারীদের দাবি, আলোচিত এ হত্যাকাণ্ডে পুলিশ ইতোমধ্যে দুইজনকে গ্রেপ্তার করলেও মূল পরিকল্পনাকারীসহ অন্যান্য আসামিরা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে। তাদের দ্রুত গ্রেপ্তারের দাবিতেই ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা।

 

অবরোধ কর্মসূচিতে নেতৃত্ব দেন বাগেরহাট জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোহাম্মদ রিয়াজুল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ড কৃষক দলের সাধারণ সম্পাদক রেজা শেখ এবং ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলী আল কায়েসসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।

 

সরেজমিনে দেখা যায়, অবরোধের কারণে ইউনিয়নের অধিকাংশ দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। তবে জনদুর্ভোগ কমাতে অ্যাম্বুলেন্স, পরীক্ষার্থী ও শিক্ষার্থী পরিবহন এবং কাঁচামালবাহী যানবাহনের চলাচল স্বাভাবিক রাখা হয়।

 

এদিকে আহত বিএনপি নেতা আব্দুল্লাহ মোড়লের দ্রুত সুস্থতা এবং নিহত বাদল মোড়লের আত্মার মাগফিরাত কামনায় শুক্রবার (১৯ জুন) ইউনিয়নের প্রতিটি মসজিদে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় নেতারা।

 

বারুইপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম এ মান্নান মল্লিক বলেন, বাদল মোড়ল হত্যাকাণ্ডের ৯ দিন পেরিয়ে গেলেও পুলিশ মূল আসামিদের সবাইকে আইনের আওতায় আনতে পারেনি। আমরা এখন পর্যন্ত শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক কর্মসূচি পালন করছি। আগামীকাল ইউনিয়নের প্রতিটি মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এর মধ্যেও যদি প্রশাসন দৃশ্যমান কোনো ব্যবস্থা না নেয় এবং সব আসামিকে গ্রেপ্তার না করে, তাহলে আরও কঠোর ও লাগাতার আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

 

স্থানীয় বিএনপি নেতারা জানিয়েছেন, হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িত সব আসামির গ্রেপ্তার এবং দ্রুত বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৪:১৪:০১ ● ২৮ বার পঠিত