মঙ্গলবার ● ১৬ জুন ২০২৬
মঠবাড়িয়ায় অভিযান, ভুয়া চিকিৎসকসহ দুইজনকে কারাদণ্ড
হোম » পিরোজপুর » মঠবাড়িয়ায় অভিযান, ভুয়া চিকিৎসকসহ দুইজনকে কারাদণ্ড
সাগরকন্যা প্রতিবেদক, মঠবাড়িয়া (পিরোজপুর)
পিরোজপুরের মঠবাড়িয়ায় ভুয়া চিকিৎসা কার্যক্রম পরিচালনার অভিযোগে এক কথিত ডাক্তার ও একটি ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে উপজেলার সাপলেজা ইউনিয়ন বাজারে অবস্থিত শাপলা ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেন মঠবাড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ। অভিযানের সময় অনিয়মের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুইজনকে কারাদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন শাপলা ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক পরিচয়ে কর্মরত মো. আবু হুরাইয়া (৩৭) এবং প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মো. মনিরুল আলম (৪৮)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মো. আবু হুরাইয়া নিজেকে প্যারামেডিকেল ডিগ্রিধারী দাবি করে দীর্ঘদিন ধরে প্রতি মঙ্গলবার রোগী দেখতেন এবং ব্যবস্থাপত্র প্রদান করতেন। তবে অভিযানের সময় তিনি চিকিৎসাসেবা প্রদানের বৈধ সনদ বা প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করতে ব্যর্থ হন। এ কারণে আদালত তাকে এবং প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
মঠবাড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং অপচিকিৎসা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আইন লঙ্ঘন করে চিকিৎসাসেবা দিতে পারবে না।
এ ঘটনায় স্থানীয় সচেতন মহলের মধ্যে সন্তোষ প্রকাশ করা হয়েছে। তারা জনস্বার্থে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের ওপর নিয়মিত নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ২০:১৫:৪৫ ● ৩৬ বার পঠিত
