রবিবার ● ১৪ জুন ২০২৬

নেছারাবাদের সাবেক উপজেলা চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান আর নেই

হোম » শোক/মৃত্যুবার্ষিকী » নেছারাবাদের সাবেক উপজেলা চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান আর নেই
রবিবার ● ১৪ জুন ২০২৬


 

নেছারাবাদের সাবেক উপজেলা চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান আর নেই

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

 

পিরোজপুরের নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান (ওয়াহিদ) আর নেই (ইন্না লিল্লাহি….রাজিউন)। শনিবার রাতে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর।

পরিবারের সদস্য ও উপজেলা বিএনপির একাধিক সূত্র তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন এবং চিকিৎসার জন্য ভারতে অবস্থান করছিলেন।

স্থানীয় রাজনৈতিক সূত্রে জানা যায়, ছাত্রজীবন থেকেই ওয়াহিদুজ্জামান বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি উপজেলা বিএনপির সভাপতি ও আহ্বায়কের দায়িত্ব পালন করেন। পাশাপাশি উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও তাঁর সক্রিয় অংশগ্রহণ সাধারণ মানুষের কাছে তাঁকে জনপ্রিয় করে তোলে।

সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ আসনে বিএনপির প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন তিনি। শারীরিক অসুস্থতা সত্ত্বেও দলের বিভিন্ন কর্মসূচি, সভা-সমাবেশ ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মনজুর। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় প্রতিমন্ত্রী বলেন, ওয়াহিদুজ্জামান ছিলেন একজন সৎ, নিবেদিতপ্রাণ ও জনমুখী নেতা। মানুষের অধিকার ও কল্যাণে তিনি আজীবন কাজ করে গেছেন। তাঁর মৃত্যুতে নেছারাবাদ তথা বৃহত্তর এলাকার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।

 

তিনি আরও বলেন, রাজনৈতিক, সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর অবদান নেছারাবাদবাসী দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

 

ওয়াহিদুজ্জামানের মৃত্যুতে বিএনপির নেতা-কর্মী, রাজনৈতিক সহকর্মী, শুভানুধ্যায়ী এবং সর্বস্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তাঁরা তাঁর প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন এবং তাঁর রাজনৈতিক ও সামাজিক অবদানের কথা স্মরণ করছেন।

এদিকে, তাঁর মরদেহ দেশে আনার সময়সূচি এবং জানাজার স্থান ও তারিখ এখনো চূড়ান্ত হয়নি বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১১:২৪:৩১ ● ৩৬ বার পঠিত