শনিবার ● ১৩ জুন ২০২৬
বাবুগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
হোম » বরিশাল » বাবুগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সাগরকন্যা প্রতিবেদক, বাবুগঞ্জ (বরিশাল)
বরিশালের বাবুগঞ্জে সুগন্ধা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৩ জুন) বিকেল ৪টার দিকে নদীতে ভেসে ওঠা মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
নিহত রোমান উপজেলার কেদারপুর ইউনিয়নের সানি কেদারপুর গ্রামের কৃষক জাকির বেপারীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে বাড়ির পাশের সুগন্ধা নদীতে গোসল করতে যান রোমান। দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে নদীর তীরে তার গামছা ও স্যান্ডেল পড়ে থাকতে দেখে স্বজনদের সন্দেহ হয়, তিনি নদীতে ডুবে গেছেন। পরে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হলে উদ্ধার অভিযান শুরু হয়।
বাবুগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মো. আব্দুল ওয়াদুদ হাওলাদার জানান, শুক্রবার বিকেল থেকে নদীতে তল্লাশি চালানো হলেও প্রথম দিন তার কোনো সন্ধান পাওয়া যায়নি। শনিবার বিকেলে নিখোঁজ হওয়ার স্থান থেকে অদূরে তার মরদেহ ভেসে উঠলে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, রোমান শান্ত-স্বভাবের ও পরিশ্রমী যুবক ছিলেন। তিনি বাবার সঙ্গে কৃষিকাজে সহযোগিতা করতেন এবং এলাকায় সবার কাছে পরিচিত ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি মৃগী রোগে আক্রান্ত থাকলেও স্বাভাবিক জীবনযাপন করতেন। স্থানীয়দের ধারণা, গোসলের সময় হঠাৎ অসুস্থ হয়ে পানিতে তলিয়ে গিয়ে তার মৃত্যু হতে পারে।
বাবুগঞ্জ থানার ওসি মোঃ মিজানুর রহমান জানান, মৃগী রোগী হিসেবে এবং পরিবারের কোন অভিযোগ না থাকায় এ বিষয়ে আইনী কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
বাংলাদেশ সময়: ২১:২৪:০০ ● ১৪ বার পঠিত
