কুয়াকাটায় বাল্যবিবাহ রোধ ও পরিবেশ সুরক্ষায় ১০০ কিশোরীকে প্রশিক্ষণ

হোম » কুয়াকাটা » কুয়াকাটায় বাল্যবিবাহ রোধ ও পরিবেশ সুরক্ষায় ১০০ কিশোরীকে প্রশিক্ষণ
শনিবার ● ১৩ জুন ২০২৬


 

কুয়াকাটায় বাল্যবিবাহ রোধ ও পরিবেশ সুরক্ষায় ১০০ কিশোরীকে প্রশিক্ষণ

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী) 

 

‘বাল্যবিবাহকে না বলি, সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর কুয়াকাটায় দরিদ্র পরিবারের স্কুলগামী কিশোরীদের নিয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় বাল্যবিবাহ প্রতিরোধ, সঞ্চয়ের গুরুত্ব এবং পরিবেশ সুরক্ষায় কিশোরীদের ভূমিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

 

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)-এর দ্বিতীয় পর্যায়ের উদ্যোগে শনিবার কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ষষ্ঠ থেকে দশম শ্রেণিতে অধ্যয়নরত ১০০ জন কিশোরী অংশ নেয়।

 

বিআরডিবি পটুয়াখালীর উপপরিচালক মুহাম্মদ হাসানুল হক মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের উপসচিব স্বপন কুমার বসু। বিশেষ অতিথি ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সিনিয়র সহকারী সচিব কুতুব উল আলম এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুবা বেগম।

 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. রিয়াজুল ইসলাম, বিআরডিবি ইউসিসিএ লিমিটেড কলাপাড়ার চেয়ারম্যান ফোরকান হোসেন তালুকদার এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি জহিরুল ইসলাম মিরন। কর্মশালাটি সঞ্চালনা করেন সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা (ইরেসপো) মো. নেছার উদ্দিন।

 

কর্মশালায় বক্তারা বাল্যবিবাহ প্রতিরোধ, কিশোরীদের শিক্ষাজীবন অব্যাহত রাখা, সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা এবং আত্মনির্ভরশীল হয়ে ওঠার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, কিশোরীদের শিক্ষিত ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে পারলে বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক সমস্যা উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

 

এ সময় পল্লী উন্নয়ন বিভাগের কর্মকর্তারা জানান, শিক্ষার্থীদের ২০০ টাকা সঞ্চয়ের বিপরীতে সরকার ৪০০ টাকা প্রণোদনা দেওয়ার সুযোগ রয়েছে।

 

প্রশিক্ষণ শেষে ১৮ বছর পূর্ণ হওয়া কিশোরীদের মধ্যে প্রণোদনাসহ চেক বিতরণ করা হয়। পাশাপাশি প্রশিক্ষণ সামগ্রী এবং পরিবেশ সুরক্ষার বার্তা ছড়িয়ে দিতে ১০০ জন কিশোরী সদস্যের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।

 

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, বিআরডিবির কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:১৩:৩৩ ● ১১৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ