
সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)
পিরোজপুরের নেছারাবাদে বলদিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব, দৈনিক ইনকিলাব পত্রিকার নেছারাবাদ উপজেলা প্রতিনিধি এবং ‘সবার আগে বলদিয়া’ টিমের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলামের পিতা মো. শামসুল হক (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার দিবাগত রাত আনুমানিক পৌনে তিনটার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি নেছারাবাদ উপজেলার বিন্না কালান্তরি গ্রামের মৃত সাইজুদ্দিন মহাজনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, মো. শামসুল হক দীর্ঘদিন ধরে স্ট্রোকজনিত জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। উল্লেখ্য, মাত্র পাঁচ মাস আগে তাঁর স্ত্রীও ইন্তেকাল করেন।
পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, শনিবার (১৩ জুন) আসর নামাজের পর নিজ গ্রামে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
তার মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে, বলদিয়া ইউনিয়ন বিএনপি নেতা মো. সাইফুল ইসলামের পিতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর সুমন। এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়াও নেছারাবাদ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্বরূপকাঠির সাংবাদিক সমাজ এবং ‘সবার আগে বলদিয়া’ টিম পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছে।