বুধবার ● ১০ জুন ২০২৬
মহিপুরে ভার্মি কম্পোস্ট ব্যবহারে কৃষক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
হোম » পটুয়াখালী » মহিপুরে ভার্মি কম্পোস্ট ব্যবহারে কৃষক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, মহিপুর (পটুয়াখালী)
পটুয়াখালীর মহিপুরে কারিতাস বাংলাদেশ বরিশাল অঞ্চলের প্রয়াস প্রকল্পের উদ্যোগে ভার্মি কম্পোস্ট উৎপাদন ও বাজারজাতকরণে স্থানীয় অংশীজনদের সংযোগ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি অ্যাডভোকেসি ও লিংকেজ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে কারিতাস মহিপুর কার্যালয়ের প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত সভায় কৃষি ও বাজার সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিনিধি অংশ নেন।
সভায় ভার্মি কম্পোস্ট উৎপাদনকারীদের সঙ্গে বাজার ব্যবস্থার কার্যকর সংযোগ স্থাপন, স্থানীয় পর্যায়ে জৈব সারের ব্যবহার বৃদ্ধি এবং টেকসই কৃষি সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়। তথ্যচিত্রের মাধ্যমে প্রকল্পের কার্যক্রম, উৎপাদন প্রক্রিয়া এবং বাজার সম্ভাবনা তুলে ধরা হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রয়াস প্রকল্পের মাঠ কর্মকর্তা মো. জামাল হোসেন। তিনি বলেন, স্থানীয়ভাবে উৎপাদিত জৈব সার কৃষকদের কাছে সহজলভ্য করা এবং বাজারে টেকসই অবস্থান নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
প্রধান অতিথি কলাপাড়া উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. নাহিদ হাসান বলেন, পরিবেশবান্ধব কৃষি গড়ে তুলতে ভার্মি কম্পোস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মাটির স্বাস্থ্য রক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনে জৈব সারের ব্যবহার বাড়ানো জরুরি।
সার ব্যবসায়ী আমির হোসেন কাজী বলেন, মানসম্মত ভার্মি কম্পোস্ট বাজারে পৌঁছে দিতে নিয়মিত প্রচারণা ও বাজারভিত্তিক পরিকল্পনা প্রয়োজন।
বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন এক্যাব ও ধরিত্রী প্রকল্পের জুনিয়র প্রোগ্রাম অফিসার মি. জর্জ বৈরাগী, আইডিপিডিসি প্রকল্পের এলসিএমও মি. মং ম্যা, মহিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান আকাশ, কুয়াকাটা প্রেসক্লাবের সদস্য আবুল হোসেন রাজু, কৃষক আব্দুর রহিম ও কৃষাণি অনিতা বালা।
বক্তারা বলেন, ভার্মি কম্পোস্ট পরিবেশ সংরক্ষণ ও টেকসই কৃষি উন্নয়নের গুরুত্বপূর্ণ উপাদান। উৎপাদকদের জন্য বাজার সৃষ্টি, কৃষক প্রশিক্ষণ এবং সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা গুণগত মান নিশ্চিতকরণ, বাজার সম্প্রসারণ এবং স্থানীয় বাজার ব্যবস্থার সঙ্গে সমন্বয় বৃদ্ধির বিষয়ে মতামত দেন।
সভা শেষে অংশগ্রহণকারী অতিথি, কৃষক প্রতিনিধি, বাজার কমিটি, সাংবাদিক ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৯:৫২:১২ ● ৪৪ বার পঠিত
