
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় কিশোর গ্যাং সংস্কৃতি প্রতিরোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান মিলনায়তনে আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান ইকোজেন রিসার্চের আয়োজনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছার উদ্দিন আহমেদ টিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মো. মুতাসিম বিল্লাহ।
আলোচনায় অংশ নেন গণঅধিকার পরিষদ কলাপাড়া শাখার সদস্যসচিব গাজী আব্বাস উদ্দিন বাচ্চু, গণমাধ্যমকর্মী মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের সভাপতি মনোয়ারা বেগম, স্থপতি ইয়াকুব খান, কলাপাড়া উপজেলা ইমাম-মুয়াজ্জিন কল্যাণ সমিতির সভাপতি মাওলানা মাসুম বিল্লাহ রুমি, জামায়াতে ইসলামী কলাপাড়া উপজেলা শাখার জয়েন্ট সেক্রেটারি মাওলানা মুর্শিদুল আলম, কলাপাড়া বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি নাজমুল ইসলাম, শিক্ষক সুভাষ চন্দ্র, সাংস্কৃতিক সংগঠক মোস্তফা জামান সুজন ও কল্লোল বিশ্বাস, যুবদল নেতা মুশফিকুর রহমান লিটু, গাজী মো. সুমন, প্রভাষক নাজমুল আলম বাদল মাতুব্বর, স্বেচ্ছাসেবক দল নেতা রেজাউল করিম কাজল মৃধা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কাজী ইয়াদুল ইসলাম, সদস্যসচিব আমিরুল ইসলাম ফাহিম, বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির কলাপাড়া উপজেলা সভাপতি রফিকুল ইসলাম, গণমাধ্যমকর্মী তানজিল জামান জয়, সরকারি মোজাহারউদ্দিন কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন, সাবেক আহ্বায়ক আতিকুল ইসলাম দীপু, ইসলামী ছাত্রশিবির উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. শামীম এবং ইসলামী ছাত্র আন্দোলনের নেতা আব্দুল্লাহ আল নোমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিবেশ সংগঠক নাজমুস সাকিব।
বৈঠকে বক্তারা কিশোর অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে মাদকের বিস্তার এবং শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার বিষয়টি তুলে ধরেন। তারা কিশোর অপরাধ ও বখাটেপনা রোধে শিক্ষকদের আরও সক্রিয় ভূমিকা পালন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের সমন্বিত উদ্যোগ গ্রহণ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
মূল বক্তব্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মো. মুতাসিম বিল্লাহ বলেন, ২০৩০ সালের মধ্যে বিশ্ব যে দিকে এগিয়ে যাচ্ছে, আমরা সেদিকে থাকতে পারছি না। কিশোর-তরুণরা ভুল পথে হাঁটছে। কলাপাড়ার কিশোর-তরুণদের শৃঙ্খলায় ফেরাতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, মাদকের দৌরাত্ম্য নিয়ন্ত্রণে না আনতে পারলে কিশোর গ্যাংয়ের বিস্তার রোধ করা সম্ভব হবে না। বর্তমানে মাদকাসক্ত কিশোরদের একটি অংশ কলাপাড়ার সামাজিক শৃঙ্খলা ও সুস্থ পরিবেশের জন্য হুমকি হয়ে উঠছে। এ পরিস্থিতি মোকাবিলায় পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।