
সাগরকন্যা প্রতিবেদক, ঝালকাঠি
ঝালকাঠি শহরে স্বেচ্ছাসেবী সংগঠন উই ক্যান চেঞ্জ-এর উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে দুই শতাধিক রোগী বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন এবং প্রয়োজনীয় ওষুধ পান।
শুক্রবার সকালে শহরের সরকারি হরচন্দ্র বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন করেন ঝালকাঠি জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট শাহাদাত হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।
সকাল ৯টা থেকে শুরু হওয়া ক্যাম্পে শিশু মেডিসিন ও শিশু সার্জারি বিশেষজ্ঞ, চক্ষু বিশেষজ্ঞ, মেডিসিন বিশেষজ্ঞ এবং পুষ্টিবিদসহ বরিশাল ও ঝালকাঠির অভিজ্ঞ চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ প্রদান করেন। পাশাপাশি রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
ডা. খালিদ মাহমুদ শাকিল বলেন, গ্রামীণ ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
মেডিকেল ক্যাম্পে সেবা নিতে আসা রোগী ও স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ পাওয়ায় অনেকেই উপকৃত হয়েছেন। এ ধরনের আয়োজন নিয়মিত হলে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা আরও সহজ হবে।
দিনব্যাপী আয়োজিত এ ক্যাম্পে নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সী রোগীরা চিকিৎসাসেবা গ্রহণ করেন।