
সাগরকন্যা প্রতিবেদক, গোপালগঞ্জ
গোপালগঞ্জ জেলার মুকসুদপুরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২৫ জন আহত হন।
বৃহস্পতিবার গভীর রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার রাগদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকাগামী বিআরটিসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাগদি ব্রিজে ধাক্কা দেয়। এ সময় পেছন দিক থেকে আসা হিমেল সীমান্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে বিআরটিসি বাসটিকে সজোরে ধাক্কা দিলে দুই বাসে থাকা একাধিক যাত্রী গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা এবং স্থানীয়রা উদ্ধার অভিযান চালিয়ে আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়।
নিহতরা হলেন- অমিতাভ হাওলাদার (৪২), পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আমিরাবাদ গ্রামের অমলেন্দু হাওলাদারের ছেলে এবং কালাম (৩০), শেরপুর জেলার আব্দুস সামাদ।
গুরুতর আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মো. সোহেল খান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান পরিচালনা করা হয়েছে। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়।
তিনি আরও জানান, নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
দুর্ঘটনার কারণে মহাসড়কে প্রায় তিন ঘণ্টা যানচলাচল বন্ধ থাকলেও পরে তা স্বাভাবিক হয়।