নেছারাবাদে অটোরিকশার চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু

হোম » পিরোজপুর » নেছারাবাদে অটোরিকশার চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু
শুক্রবার ● ৫ জুন ২০২৬


 

নেছারাবাদে অটোরিকশার চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

 

পিরোজপুরের নেছারাবাদে (স্বরূপকাঠি) অটোরিকশার চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ শহিদুল ইসলাম (৬০) নামে এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে।

 

শুক্রবার (৫ জুন) সকালে নেছারাবাদ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের উত্তর জগন্নাথকাঠী গ্রামের হাওলাদার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত শহিদুল ইসলাম ওই গ্রামের মৃত আব্দুল গনি মিয়ার ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সারারাত অটোরিকশা চার্জে রাখার পর সকালে চার্জারের সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে শহিদুল ইসলাম বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

 

সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

 

এদিকে, শহিদুল ইসলামের আকস্মিক মৃত্যুতে তাঁর পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রাও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

 

এ বিষয়ে নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:৩৬:৫১ ● ৩৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ