গৌরনদীতে মোবাইল কোর্টের সাঁড়াশি অভিযান: জরিমানা ও কারাদণ্ড

হোম » বরিশাল » গৌরনদীতে মোবাইল কোর্টের সাঁড়াশি অভিযান: জরিমানা ও কারাদণ্ড
বুধবার ● ৩ জুন ২০২৬


 

গৌরনদীতে মোবাইল কোর্টের সাঁড়াশি অভিযান: জরিমানা ও কারাদণ্ড

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

বরিশালের গৌরনদী উপজেলায় অবৈধ পার্কিং, সড়ক দখল, মাদক প্রতিরোধ, পরিবেশ সংরক্ষণ ও ভোক্তা অধিকার রক্ষায় ব্যাপক অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৩ জুন) গৌরনদী বাসস্ট্যান্ড, মাহিলাড়া ও বন্দর বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

 

অভিযানে নেতৃত্ব দেন গৌরনদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান।

 

মোবাইল কোর্ট পরিচালনার সময় ঢাকাগামী একটি রুট পারমিটবিহীন লোকাল বাসকে সড়ক দখল করে অবৈধভাবে পার্কিং করতে দেখা যায়। এতে জনদুর্ভোগ সৃষ্টি হওয়ায় এবং চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকায় সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

এ সময় পৌরসভার সহযোগিতায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা কয়েকটি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। পাশাপাশি রাস্তা দখল করে রাখা কয়েকটি অটোরিকশা ও ভ্যান জব্দ করে পৌরসভার হেফাজতে পাঠানো হয়। অভিযানের সময় রাস্তার ওপর ফেলে রেখে যাওয়া ফল ব্যবসায়ীদের ফল জব্দ করে একটি এতিমখানায় বিতরণ করা হয়।

 

অন্যদিকে মাহিলাড়া এলাকায় মাদকবিরোধী অভিযানে দুইজনকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় একজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অপরজনকে সাত দিনের কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

 

বন্দর বাজার এলাকায় পরিবেশ ও ভোক্তা অধিকার সংরক্ষণে পরিচালিত অভিযানে মূল্যতালিকা প্রদর্শন না করা এবং প্লাস্টিকের চালের বস্তা ব্যবহার করার দায়ে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

 

অভিযানে গৌরনদী পৌরসভা, গৌরনদী মডেল থানা পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংশ্লিষ্ট সার্কেল এবং পাট উন্নয়ন কর্মকর্তার কার্যালয় সার্বিক সহযোগিতা করে।

 

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে আইন শৃঙ্খলা রক্ষা, পরিবেশ সংরক্ষণ, মাদক নিয়ন্ত্রণ এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৭:৫৩:০৯ ● ৪৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ