বুধবার ● ৩ জুন ২০২৬

কুয়াকাটায় ভাড়া বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

হোম » কুয়াকাটা » কুয়াকাটায় ভাড়া বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বুধবার ● ৩ জুন ২০২৬


 

কুয়াকাটায় ভাড়া বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

 

পটুয়াখালীর কুয়াকাটায় একটি ভাড়া বাসা থেকে সাইয়েদুল আবেদিন (৪২) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রুমের বন্ধ দরজা ভেঙ্গে পুলিশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়। এরপর হাসপাতালের চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

 

নিহত সাইয়েদুল আবেদিন বরগুনার তালতলী উপজেলার বন্দর এলাকার বাসিন্দা। তিনি প্রায় ২০ দিন ধরে স্ত্রী আয়েশা বেগমকে নিয়ে কুয়াকাটা পৌরসভার পাঞ্জুপাড়ায় শাহেদ শিকদারের মালিকানাধীন একটি সেমিপাকা বাসায় ভাড়া থাকতেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন সন্ধ্যায় সাইয়েদুল কুয়াকাটা পৌরসভার ৮নং ওয়ার্ডের ওই বাসায় এসে স্ত্রীকে মারধর ও গালাগাল করেন। পরে রাতের খাবার খাওয়ার পর আবারও তাদের মধ্যে পারিবারিক কলহ শুরু হয়। একপর্যায়ে রাত ১০টার দিকে স্ত্রীকে ঘরের বাইরে বের করে দিয়ে তিনি ভেতর থেকে দরজা বন্ধ করে দেন।

 

দীর্ঘ সময় দরজা না খোলায় এবং ভেতর থেকে কোনো সাড়া-শব্দ না পেয়ে স্ত্রী ও প্রতিবেশীরা দরজায় ধাক্কাধাক্কি করেন। পরে বিষয়টি মহিপুর থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ঘরের আড়ার সঙ্গে লুঙ্গি ও গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় সাইয়েদুলকে উদ্ধার করে।

 

পরে তাঁকে কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ওই ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

 

তিনি আরও বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য বুধবার সকালে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১০:৩৮:০৭ ● ৪৯ বার পঠিত