সোমবার ● ১ জুন ২০২৬

রামপালে যুবলীগ নেতা এখলাস গাজী হত্যার ঘটনায় মেজ শিকদার গ্রেফতার

হোম » খুলনা » রামপালে যুবলীগ নেতা এখলাস গাজী হত্যার ঘটনায় মেজ শিকদার গ্রেফতার
সোমবার ● ১ জুন ২০২৬


 

মেজ ওরফে মাহাবুব শিকদার। ছবি- সংগৃহীত

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

 

বাগেরহাটের রামপাল উপজেলায় নিষিদ্ধ ঘোষিত যুবলীগ নেতা এখলাস গাজী হত্যার ঘটনায় প্রধান আসামী মেজ ওরফে মাহাবুব শিকদারকে গ্রেফতার করেছে পুলিশ।

 

সোমবার (১ জুন) দুপুর আড়াইটার দিকে রামপাল থানা পুলিশের একটি অভিযানিক দল উপজেলার কুমলাই গাববুনিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজিব আল রশিদ। তিনি জানান, তথ্য-প্রযুক্তির সহায়তায় আসামিকে শনাক্ত করে দ্রুত সময়ের মধ্যে তাকে আটক করা হয়।

 

স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার বেলা ১১টার দিকে রামপাল উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় হুমায়ুনের চায়ের দোকানে সাবেক যুবলীগ নেতা এখলাস গাজী হামলার শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেনারেল হাসপাতালে পাঠায়। সোমবার (১ জুন) বিকেলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

 

এদিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত (সোমবার রাত ৮টা) রামপাল থানায় কোনো মামলা দায়ের হয়নি বলে জানিয়েছেন ওসি রাজিব আল রশিদ। তবে তিনি বলেন, নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তারা মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে স্বজনরা জানিয়েছেন।

 

নিহত এখলাস গাজী রামপাল উপজেলা সদর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৩২:২০ ● ২৪ বার পঠিত