সোমবার ● ১ জুন ২০২৬
বাউফলে জামায়াত নেতা শফিকুল ইসলাম মাসুদ এমপি’র বক্তব্য নিয়ে তোলপাড়
হোম » রাজনীতি » বাউফলে জামায়াত নেতা শফিকুল ইসলাম মাসুদ এমপি’র বক্তব্য নিয়ে তোলপাড়

সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)
পটুয়াখালী-২ (বাউফল) আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ-এর একটি বক্তব্যকে কেন্দ্র করে স্থানীয় ও রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছে।
সম্প্রতি একটি ভিডিও ফুটেজে তাকে বলতে শোনা যায়, ‘শফিকুল ইসলাম মাসুদ কী জিনিস, এইটা বাউফলের মানুষকে দেখানোর দরকার নাই, শেখ হাসিনা’র কাছে জেনে নিন। শেখ হাসিনার কাছে জিজ্ঞেস করে দেখে নিন, শফিকুল ইসলাম মাসুদ কী জিনিস।’
ভিডিওটি রবিবার (৩১ মে) বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।
বক্তব্যে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-এর শাসনামলের উন্নয়ন কর্মকাণ্ডের প্রসঙ্গ টেনে বলেন, ‘শেখ হাসিনা উন্নয়ন তো কম করেননি, তারপরও কেন পালাতে হয়েছে? উন্নয়ন দিয়ে যদি টিকে থাকা যেত, তাহলে একমাত্র তাঁরই টিকে থাকার কথা ছিল। কিন্তু পারেননি কেন? রাস্তা, ঘাট, সেতু- সবই হয়েছে, কিন্তু মানুষের মনে সন্তুষ্টি ছিল না, অধিকার ছিল না।’
তিনি আরও দাবি করেন, অবকাঠামোগত উন্নয়নই যথেষ্ট নয়; জনগণের অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত না হলে জনগণের আস্থা অর্জন সম্ভব নয়।
এক পর্যায়ে নিজের রাজনৈতিক অবস্থান তুলে ধরে তিনি বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খোঁজ নেন, সেখানে সবচেয়ে বড় সন্ত্রাসীর কাছেই জিজ্ঞেস করেন, শফিকুল ইসলাম মাসুদ কী জিনিস। উল্টাপাল্টা কথা বলে মটকা গরম করবেন না, সামলাতে পারবেন না।’
তার এসব মন্তব্যকে ঘিরে স্থানীয় রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সমর্থকরা বক্তব্যকে রাজনৈতিক দৃঢ়তার প্রকাশ হিসেবে দেখলেও সমালোচকরা একে উসকানিমূলক ও বিতর্কিত মন্তব্য হিসেবে অভিহিত করেছেন।
স্থানীয় সূত্র জানায়, শনিবার বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব বক্তব্য দেন।
বাংলাদেশ সময়: ১৮:২৯:৫১ ● ২৫ বার পঠিত
