দশমিনায় শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

হোম » পটুয়াখালী » দশমিনায় শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত
শনিবার ● ৩০ মে ২০২৬


 

দশমিনায় শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)

বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর দশমিনায় আলোচনা সভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেল সাড়ে ৫টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ছিদ্দিক আহম্মেদ মোল্লার সভাপতিত্বে এবং সদস্যসচিব মো. শাহ্ আলম শানুর সঞ্চালনায় সভাটি পরিচালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং পটুয়াখালী-৩ (দশমিনা–গলাচিপা) আসনের সংসদ সদস্য নুরুল হক নুর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব শিপলু খান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি মো. ইখতিয়ার কবির, ঢাকা উত্তর মহানগর গণঅধিকার পরিষদের সহ-সভাপতি মো. মিজানুর রহমান, পটুয়াখালী জেলা গণঅধিকার পরিষদের সহ-সভাপতি মো. কালাম পঞ্চায়েতসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ছাত্রদল, যুবদল ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল হক নুর বলেন, শহীদ জিয়াউর রহমান বাংলাদেশকে একটি সুখী-সমৃদ্ধ রাষ্ট্র গঠনের রূপরেখা প্রণয়ন করেছিলেন। তাকে ষড়যন্ত্রের মাধ্যমে নির্মমভাবে হত্যা করা হয় বলে তিনি মন্তব্য করেন।

এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট নিরসন, চরবোরহান ইউনিয়নে হাসপাতাল নির্মাণ এবং সাতটি ইউনিয়নের কাঁচা রাস্তা পাকা করার পরিকল্পনার কথা উল্লেখ করেন তিনি।

বাংলাদেশ সময়: ২১:৩৬:১৪ ● ২৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ