বৃহস্পতিবার ● ২৮ মে ২০২৬

বাউফলে কোরবানির হাটের বর্জ্য অপসারণ কার্যক্রমে এমপি

হোম » পটুয়াখালী » বাউফলে কোরবানির হাটের বর্জ্য অপসারণ কার্যক্রমে এমপি
বৃহস্পতিবার ● ২৮ মে ২০২৬


 

বাউফলে কোরবানির হাটের বর্জ্য অপসারণ কার্যক্রমে এমপি

সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)

পটুয়াখালীর বাউফল উপজেলায় ঈদুল আজহা উপলক্ষে বসানো অস্থায়ী কোরবানির পশুর হাটের বর্জ্য অপসারণ কার্যক্রমে অংশ নিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। বৃহস্পতিবার (ঈদের দিন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ঐতিহ্যবাহী বাউফল পাবলিক মাঠে এ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়।

 

ঈদের পশুর হাট শেষে মাঠজুড়ে ছড়িয়ে থাকা বর্জ্য, রক্ত ও দুর্গন্ধময় পরিবেশ দ্রুত পরিষ্কারের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়। এতে স্থানীয় নেতাকর্মী ও স্বেচ্ছাসেবকেরা অংশ নেন। পরে মাঠের বিভিন্ন স্থানে জমে থাকা বর্জ্য অপসারণের পাশাপাশি জীবাণুনাশক ছিটানো হয়।

 

সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ সাগরকন্যার এ প্রতিবেদককে বলেন, বাউফল পৌর শহরের প্রাণকেন্দ্র এই পাবলিক মাঠে প্রতিদিন শিশু-কিশোর, তরুণ ও বিভিন্ন বয়সী মানুষ হাঁটাচলা, শরীরচর্চা ও অবসর যাপনের জন্য আসেন। অথচ পর্যাপ্ত ব্যবস্থাপনা ছাড়া এখানে কোরবানির পশুর হাট বসানো হয়েছে, যা জনস্বার্থের পরিপন্থী।

 

তিনি আরও বলেন, পরিবেশ ও জনস্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় নিয়ে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। একটি পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য বাউফল গড়ে তুলতে আমরা কাজ করছি।

 

‘গ্রীন বাউফল, ক্লিন বাউফল’ কর্মসূচি বাস্তবায়নে বিভিন্ন পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি। এ লক্ষ্যে নাগরিক সচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সবাইকে সম্পৃক্ত করা হবে।

 

কোরবানির হাটের বর্জ্য অপসারণ কার্যক্রমে সভাপতিত্ব করেন বাউফল পৌর জামায়াতের আমির মাওলানা সেলিমুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম, পটুয়াখালী জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মাহফুজ আহমেদ খান, নাজিরপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি রাসেল মাহমুদসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৯:৫৮:২৫ ● ২৭ বার পঠিত