গলাচিপায় অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে দুইভাই নিহত, আহত ২

হোম » লিড নিউজ » গলাচিপায় অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে দুইভাই নিহত, আহত ২
বৃহস্পতিবার ● ২৮ মে ২০২৬


 

গলাচিপায় অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে দুইভাই নিহত

সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী

 

পটুয়াখালীর গলাচিপা পৌর শহরে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে পৌর এলাকার গ্রামীণ ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- গলাচিপা পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের শ্যামলীবাগ এলাকার বাসিন্দা মো. জব্বার হাওলাদারের ছেলে মো. তামিম হাওলাদার (২০) এবং আবু মিয়ার ছেলে মো. ফয়সাল (১৯)। তারা সম্পর্কে চাচাতো ভাই।

 

স্থানীয় সূত্র জানায়, কালিকাপুর থেকে গলাচিপার উদ্দেশ্যে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল গ্রামীণ ব্যাংকের সামনে পৌঁছালে একটি অটোরিকশা রাস্তা পার হয়ে বিপরীত পাশের গলিতে ঢোকার চেষ্টা করে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের পর মোটরসাইকেলটি পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে।

 

এতে মোটরসাইকেল আরোহী তামিন ও ইমরান গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তামিনের মৃত্যু হয়। পরে গুরুতর আহত অবস্থায় ইমরানকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

 

এদিকে অটোরিকশা চালক সোহাগ ও যাত্রী ফরিদ আহত হয়ে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

 

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান জানান, দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়েছে। আহত দুজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৪১:২৮ ● ৩০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ