গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ৫, আহত অন্তত ২০

হোম » ঢাকা » গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ৫, আহত অন্তত ২০
বৃহস্পতিবার ● ২৮ মে ২০২৬


গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ৫, আহত অন্তত ২০সাগরকন্যা প্রতিবেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।

 

বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে শহরতলীর বেদগ্রাম এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে পিরোজপুরগামী দোলা পরিবহনের একটি বাস মহাসড়কের বেদগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাসটি সড়কের ওপর উল্টে যায় এবং মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়।

 

ঘটনাস্থলে মোটরসাইকেলের দুই আরোহীসহ চারজন নিহত হন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আরও একজন (এক শিশু) মারা যায়। এতে নিহতের সংখ্যা বেড়ে পাঁচে দাঁড়ায়।

 

নিহতদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারী, একজন শিশু ও তিনজন পুরুষ রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

 

দুর্ঘটনার পর ডা. কে এম বাবর, জেলা প্রশাসক মো. আরিফ উজ জামান এবং পুলিশ সুপার হাবীবুল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ১৫:২৫:২৬ ● ২৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ