পিরোজপুরে পুলিশের কনস্টেবল পদে নিয়োগ পেলেন ২১ জন

হোম » পিরোজপুর » পিরোজপুরে পুলিশের কনস্টেবল পদে নিয়োগ পেলেন ২১ জন
সোমবার ● ২৫ মে ২০২৬


 

পিরোজপুরে পুলিশের কনস্টেবল পদে নিয়োগ পেলেন ২১ জন

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২৬ এর পিরোজপুর জেলার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে মোট ২১ জন প্রার্থীকে চূড়ান্তভাবে সুপারিশ করা হয়েছে।

 

রোববার (২৪ মে) সন্ধ্যায় পিরোজপুর পুলিশ লাইন্সের ড্রিল শেডে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন নিয়োগ বোর্ডের সভাপতি ও পিরোজপুরের পুলিশ সুপার মনজুর আহম্মেদ সিদ্দিকী। এ সময় নিয়োগ বোর্ডের সদস্য বরগুনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম, ভোলা জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মেহেদী হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

পুলিশ সূত্রে জানা গেছে, নিয়োগ প্রক্রিয়ায় মোট ১ হাজার ৮৪ জন প্রার্থী আবেদন করেন। প্রাথমিক শারীরিক যোগ্যতা যাচাই শেষে ৫১১ জনকে নির্বাচিত করা হয়। পরবর্তীতে লিখিত পরীক্ষায় অংশ নেন ২৯০ জন। বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সে খাতা মূল্যায়নের পর ৪৫ জনকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়।

 

সবশেষে মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে ২১ জনকে চূড়ান্তভাবে সুপারিশ করা হয়। এর মধ্যে ২০ জন সাধারণ কোটায় এবং ১ জন মুক্তিযোদ্ধা কোটায় নির্বাচিত হয়েছেন। নির্বাচিতদের মধ্যে ১৯ জন পুরুষ ও ২ জন নারী রয়েছেন। এছাড়া ৫ জনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে।

 

নিয়োগ পাওয়া একাধিক প্রার্থী জানান, কোনো ধরনের তদবির বা আর্থিক লেনদেন ছাড়াই তারা পুলিশে চাকরির সুযোগ পেয়েছেন। ফলাফল ঘোষণার পর অনেককে আবেগাপ্লুত হয়ে আনন্দ প্রকাশ করতে দেখা যায়।

বাংলাদেশ সময়: ০:০৭:১৩ ● ৭২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ