গাড়ির পেছনের সিটে যুবকের মরদেহ উদ্ধার

হোম » খুলনা » গাড়ির পেছনের সিটে যুবকের মরদেহ উদ্ধার
শুক্রবার ● ২২ মে ২০২৬


 

গাড়ির পেছনের সিটে যুবকের মরদেহ উদ্ধার

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

 

পঞ্চগড় থেকে ছেড়ে আসা একটি বিআরটিসি বাসের পেছনের সিট থেকে মো. রাজু হাওলাদার (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ মে) সকাল ৯টার দিকে বাগেরহাটের মোংলা বাসস্ট্যান্ডে বাসটি পৌঁছালে মরদেহটি শনাক্ত করা হয়।

 

নিহত রাজু হাওলাদার বাগেরহাট সদর উপজেলার গোবরদিয়া এলাকার বাসিন্দা। তিনি সেখানকার মো. মিজানুর রহমানের আশ্রয়ে বড় হয়েছেন বলে জানা গেছে।

 

বিআরটিসির মোংলা বাস কাউন্টার ইনচার্জ মো. আনোয়ার হোসেন সাগরকন্যাকে জানান, ঢাকা মেট্রো-ব-১৫-৫৪৭১ নম্বরের বাসটি পঞ্চগড় থেকে যাত্রা শুরু করে যশোর হয়ে বিভিন্ন স্থানে যাত্রী ওঠানামা করছিল। যশোর থেকে ওই যাত্রী বাসে ওঠেন। ফকিরহাটের কাটাখালী এলাকায় নামার কথা থাকলেও তিনি আর নামেননি।

 

পরে বাসটি মোংলা বাসস্ট্যান্ডে পৌঁছালে যাত্রীরা পেছনের সিটে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

 

মোংলা থানার পরিদর্শক (তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৯:৩৪:৩৬ ● ২৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ