বৃহস্পতিবার ● ২১ মে ২০২৬

মঠবাড়িয়ার স্বাস্থ্য বিভাগে অনিয়মের অভিযোগ, সিভিল সার্জনের সাড়া না মেলায় প্রশ্ন

হোম » পিরোজপুর » মঠবাড়িয়ার স্বাস্থ্য বিভাগে অনিয়মের অভিযোগ, সিভিল সার্জনের সাড়া না মেলায় প্রশ্ন
বৃহস্পতিবার ● ২১ মে ২০২৬


মঠবাড়িয়ার স্বাস্থ্য বিভাগে অনিয়ম-অব্যবস্থাপনা: পাঁচ দিনেও সাড়া নেই সিভিল সার্জনের

সাগরকন্যা প্রতিবেদক, মঠবাড়িয়া (পিরোজপুর)

পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বাস্থ্য বিভাগে চলমান নানা অনিয়ম, অব্যবস্থাপনা ও চিকিৎসাসেবার সংকট নিয়ে উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে উপজেলার সরকারি ও বেসরকারি বিভিন্ন স্বাস্থ্যসেবাকেন্দ্রে চিকিৎসা অবহেলা, দায়িত্বহীনতা, ভুল চিকিৎসা, দালালচক্রের দৌরাত্ম্য এবং তদারকির অভাব প্রকট আকার ধারণ করেছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর কোনো পদক্ষেপ এখনো দৃশ্যমান নয়।

এ বিষয়ে গত ১৬ মে শনিবার সকাল ১১টা ১৭ মিনিটে পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি এ ব্যাপারে কিছুই জানি না। অনিয়ম হয়ে থাকলে তদন্ত কমিটি গঠন করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তবে মঠবাড়িয়ার স্বাস্থ্য বিভাগে চলমান বিভিন্ন অভিযোগ ও অনিয়মের বিষয়ে বিস্তারিত জানতে চাইলে তিনি স্পষ্ট কোনো উত্তর দেননি। পরে বিস্তারিত জানাবেন বলেও আশ্বাস দেন। কিন্তু বৃহস্পতিবার পর্যন্ত পাঁচ দিন পার হলেও এ বিষয়ে তাঁর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া, তদন্ত কার্যক্রম কিংবা দৃশ্যমান পদক্ষেপের তথ্য পাওয়া যায়নি।

স্থানীয় সচেতন মহলের দাবি, মঠবাড়িয়ায় স্বাস্থ্যসেবার নামে এক ধরনের নৈরাজ্য সৃষ্টি হয়েছে। বিশেষ করে বেসরকারি ক্লিনিক ও হাসপাতালগুলোতে নিয়মিত মনিটরিং না থাকায় রোগীরা প্রতিনিয়ত হয়রানি ও ঝুঁকির মুখে পড়ছেন। কোনো দুর্ঘটনা বা মৃত্যুর ঘটনা ঘটলেই ক্লিনিক কর্তৃপক্ষ ও রোগীপক্ষের মধ্যে দ্রুত ‘ম্যানেজ’ প্রক্রিয়া শুরু হয় বলেও অভিযোগ রয়েছে।

অভিযোগকারীরা বলছেন, অধিকাংশ ভুক্তভোগী পরিবার গ্রামের সহজ-সরল ও আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় আইনি প্রতিকার কিংবা অভিযোগ করার সুযোগ থেকেও বঞ্চিত থাকেন। ফলে অনেক ঘটনাই প্রকাশ্যে এলেও পরবর্তীতে চাপা পড়ে যায়।

এ অবস্থায় স্বাস্থ্য বিভাগের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে দ্রুত তদন্ত, দায়ীদের জবাবদিহির আওতায় আনা এবং স্বাস্থ্যসেবায় কার্যকর নজরদারি নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

আরজে/এমআর

বাংলাদেশ সময়: ১১:৪৯:৩২ ● ৩৮ বার পঠিত