বুধবার ● ২০ মে ২০২৬
সুন্দরবনে ট্রলারসহ ১২ জেলে অপহরণ, জাহাঙ্গীর বাহিনীর বিরুদ্ধে অভিযোগ
হোম » খুলনা » সুন্দরবনে ট্রলারসহ ১২ জেলে অপহরণ, জাহাঙ্গীর বাহিনীর বিরুদ্ধে অভিযোগ
সাগরকন্যা প্রতিবেদক,বাগেরহাট /বরগুনা
সুন্দরবনের পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের দুবলারচর এলাকার নদীতে ট্রলারসহ ১২ জেলেকে অপহরণের অভিযোগ উঠেছে বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর বিরুদ্ধে। বুধবার (২০ মে) ভোররাতে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
অপহৃত জেলেরা পাথরঘাটার রুহিতা এলাকার বাসিন্দা। তারা হলেন ইয়াসিন (২৫), হানিফ (৩৫), হৃদয় (২৬), ইব্রাহিম (৪০), মাসুম (৫৮), সেলিম (২৫), জাকির (২৮), হোসেন (৩০), তৌহিদ (২৮), সুমন (২৭), ইয়াসিন (২০) ও মাহবুব (২৪)।
স্থানীয় মৎস্য ব্যবসায়ীদের বরাতে জানা যায়, ভোররাতে সুন্দরবনের ফুসফুসের চর সংলগ্ন সাগর মোহনায় মাছ ধরার সময় একদল সশস্ত্র দস্যু ট্রলার ও নৌকায় হামলা চালায়। পরে একটি ট্রলারসহ ১২ জেলেকে অপহরণ করে নিয়ে যায় তারা। এ সময় আরও কয়েকজন জেলে দস্যুদের হাতে আটক থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ১৫-১৬ জনের সশস্ত্র দলটি বিশেষ পোশাক পরিহিত ছিল।
এ বিষয়ে পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের শেলারচর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, অপহরণের খবর পাওয়ার পর বনরক্ষীরা অভিযান শুরু করেছেন। তবে এখন পর্যন্ত অপহৃত জেলেদের কোনো সন্ধান পাওয়া যায়নি।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক সাগরকন্যাকে বলেন, বিষয়টি তারা শুনেছেন। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার পর সুন্দরবন সংলগ্ন এলাকায় জেলে ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
বাংলাদেশ সময়: ১৮:২১:২১ ● ৩০ বার পঠিত
