বুধবার ● ২০ মে ২০২৬

গলাচিপায় অর্ধকোটি টাকার গলদা চিংড়ির রেনু জব্দ

হোম » পটুয়াখালী » গলাচিপায় অর্ধকোটি টাকার গলদা চিংড়ির রেনু জব্দ
বুধবার ● ২০ মে ২০২৬


 

গলাচিপায় অর্ধকোটি টাকার গলদা চিংড়ির রেনু জব্দ

সাগরকন্যা প্রতিবেদক,গলাচিপা (পটুয়াখালী)

পটুয়াখালীর গলাচিপায় উপজেলা প্রশাসনের অভিযানে প্রায় ৫০ লাখ পিস অবৈধ গলদা চিংড়ির রেনু পোনা জব্দ করা হয়েছে। জব্দকৃত রেনুর আনুমানিক বাজারমূল্য প্রায় অর্ধকোটি টাকা। এ সময় একটি ট্রাকও জব্দ করা হয়।

 

বুধবার সকাল পৌনে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গলাচিপা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের শান্তি পাল মিলসংলগ্ন একটি রেনু পোনার গদিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হক। এ সময় পুলিশ ও মৎস্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

প্রশাসনের উপস্থিতি টের পেয়ে গদির আড়তদার ও কর্মচারীরা দ্রুত পালিয়ে যায়। পরে গদিতে থাকা ড্রামগুলো তল্লাশি করে বিপুল পরিমাণ গলদা চিংড়ির রেনু পোনা উদ্ধার করা হয়।

 

একই সময়ে ওই এলাকায় অবৈধভাবে রেনু পোনা পরিবহনের সময় একটি ট্রাক জব্দ করা হয়। গদি ও ট্রাক থেকে মোট ৪০ ড্রাম রেনু পোনা উদ্ধার করা হয়েছে। মৎস্য বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উদ্ধার করা প্রায় ৫০ লাখ পিস রেনুর বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা।

 

জব্দকৃত রেনু পোনাগুলো ধ্বংস না করে জাতীয় মৎস্য সম্পদ সংরক্ষণের স্বার্থে তাৎক্ষণিকভাবে স্থানীয়দের উপস্থিতিতে পার্শ্ববর্তী রামনাবাদ নদীতে অবমুক্ত করা হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক বলেন, মৎস্য সম্পদ রক্ষায় উপজেলা প্রশাসনের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। পলাতক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৭:৪৬:৩৭ ● ২৫ বার পঠিত