বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা, ডান হাত বিচ্ছিন্ন করে নিয়ে যায় দুর্বৃত্তরা

হোম » খুলনা » বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা, ডান হাত বিচ্ছিন্ন করে নিয়ে যায় দুর্বৃত্তরা
মঙ্গলবার ● ১৯ মে ২০২৬


 

এটি প্রতীকী চিত্র

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

মোরেলগঞ্জ উপজেলাে বিএনপি কর্মী মিন্টু শেখ ওরফে মিঠু শেখ (৪৫) কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হামলার সময় তার ডান হাত বিচ্ছিন্ন করে নিয়ে যায় তারা। সোমবার (১৮ মে) সন্ধ্যায় উপজেলার হোগলাপাশা ইউনিয়নের বৌলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহত মিন্টু শেখ ওই গ্রামের ওহেদ শেখের ছেলে এবং স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির পাশে কলাক্ষেতে কাজ শেষে বাড়ি ফেরার পথে মিঠু শেখকে একদল দুর্বৃত্ত এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

নিহতের স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে রয়েছে।

 

মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান ইয়াদ বলেন, মিঠু শেখ সংগঠনের ৯নং ওয়ার্ড বিএনপির সদস্য ছিলেন। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তিনি আরও জানান, পূর্বে নিহতের পরিবারের আরেক সদস্যও হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন।

 

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২:২৩:১৩ ● ২৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ