
সাগরকন্যা প্রতিবেদক, গোপালগঞ্জ
কোনো ঘুষ, তদবির বা হয়রানি ছাড়াই মাত্র ১২০ টাকা সরকারি ফি’তে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে গোপালগঞ্জে ২১ জন নিয়োগ পেয়েছেন। তাদের মধ্যে ২০ জন পুরুষ ও ১ জন নারী।
সোমবার (১৮ মে) বিকেলে পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন জেলা পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ।
জেলা পুলিশ সূত্র জানায়, মৌখিক পরীক্ষার পর ব্যবহারিক পরীক্ষায় অংশ নিয়ে ২৬ জন প্রার্থী উত্তীর্ণ হন। পরবর্তীতে মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে ২১ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। বাকি ৫ জনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে।
ফলাফল ঘোষণাকালে পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ বলেন, নিজ নিজ অবস্থান থেকে সবাই সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলে দেশ আরও এগিয়ে যাবে। ঘুষ ছাড়া নিয়োগ দেওয়া সম্ভব, আমরা সেটিই প্রমাণ করেছি। নির্বাচিতরা মেধার ভিত্তিতেই নিয়োগ পেয়েছেন। তারা যেন সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে দেশের উন্নয়নে ভূমিকা রাখেন।
চাকরি পেয়ে আবেগ আপ্লুত হয়ে সৈকত কিত্তনীয়া, মারিয়া খানম, সজল সরকার ও টিটব ঢালী জানান, কোনো টাকা ছাড়া শুধু আবেদন ফি দিয়েই নিজেদের যোগ্যতায় তারা চাকরি পেয়েছেন। এতে তারা অত্যন্ত খুশি।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর, অতিরিক্ত পুলিশ সুপার আনিচুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার জিয়াইল হক জিয়াসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে পুলিশ সুপারসহ অতিথিরা উত্তীর্ণ ২১ জন ও অপেক্ষমাণ ৫ জনের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।