
সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
যৌতুকের দাবিকৃত টাকা না দেওয়ায় স্ত্রীকে মারধর করে হত্যাচেষ্টার অভিযোগে স্বামীসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন এক গৃহবধূ। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসকের অনুমতি নিয়ে রোববার তিনি বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এ মামলা করেন।
ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মোঃ ওসমান গনি মামলাটি গ্রহণ করে বরগুনার পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এজাহারভুক্ত করার নির্দেশ দেন।
মামলার প্রধান আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে বরগুনা জেলার বামনা উপজেলার দক্ষিণ রামনা গ্রামের মোঃ আল আমিন (৩০)। অন্য দুই আসামি হলেন তার বাবা মোঃ ফারুক হোসেন এবং মা মোসাঃ হাজেরা। বিষয়টি নিশ্চিত করেছেন বিশেষ পিপি রনজুয়ারা সিপু।
মামলার অভিযোগ অনুযায়ী, ভুক্তভোগী গৃহবধূর সঙ্গে আল আমীনের বিয়ে হয় ২০২২ সালের ২৫ ফেব্রুয়ারি। বিয়ের পর তার বাবা স্বামীকে বিদেশে পাঠান। গত মাসের ৯ তারিখ আল আমীন মালয়েশিয়া থেকে দেশে ফিরে আসেন। তবে বাড়িতে না গিয়ে প্রথমে এক প্রবাসী বন্ধুর বাড়িতে তিন দিন অবস্থান করেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
অভিযোগে আরও বলা হয়, ওই প্রবাসী বন্ধুর স্ত্রীর সঙ্গে আগে থেকেই তার পরকীয়া সম্পর্ক ছিল। দেশে ফিরে আল আমীন জানান তিনি আর বিদেশে যাবেন না এবং ব্যবসা করবেন। এ জন্য স্ত্রীর বাবার কাছ থেকে ৫ লাখ টাকা দাবি করেন।
গত ১৬ মে বিকেল আনুমানিক ৫টার দিকে স্ত্রীর বাবার ঘরে বসে এ বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আসামিরা তাকে মারধর করে। অভিযোগে বলা হয়, আল আমীন তার তলপেটে লাথি মারলে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে বরগুনা হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভুক্তভোগী গৃহবধূ বলেন, যৌতুকের টাকা দিতে অস্বীকার করায় তাকে মারধর করা হয় এবং হত্যার চেষ্টা করা হয়েছে।
এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।